২০১৩ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে অভিষেক হয় স্যামসনের। ক্যারিয়ারের প্রথম তিন মৌসুমই খেলেছেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। পরবর্তীতে ২০১৬ ও ২০১৭ সালে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে দুই মৌসুম পর আবারও রাজস্থানে ফেরেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। টানা মৌসুম গায়ে জড়িয়েছেন রাজস্থানের জার্সি।
সব মিলিয়ে আইপিএল ক্যারিয়ারের ১৩ মৌসুমেই ১১টিতেই রাজস্থানে খেলেছেন স্যামসন। এতদিন পর রাজস্থান ছেড়ে চেন্নাইয়ে যোগ দিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় নিলামের আগে ট্রেডে দল বদল করেছেন ডানহাতি এই ব্যাটার। স্যামসনকে পেতে স্যাম কারান ও রবীন্দ্র জাদেজাকে ছাড়তে হয়েছে চেন্নাইয়ের। সবশেষ কয়েক বছর ধরেই ধোনির অবসর নেওয়ার গুঞ্জন উঠেছে।
ধোনির বিকল্প হিসেবে ভালো মানের উইকেটকিপার না পাওয়ায় তাকে খেলিয়ে যাচ্ছে চেন্নাই। অবশেষে স্যামসনকে দিয়ে সেই আশা পূরণ করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। ধোনির উত্তরসূরী হলেও এখনই তাকে নেতৃত্ব দিচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়নরা। কাইফও মনে করেন, এখনই তাকে অধিনায়ক বানানো ঠিক হবে না। চেন্নাইও সেই ভুল কাজ করবে না।
ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, ‘আমার মনে হয় না চেন্নাই এখনই সাঞ্জু স্যামসনকে অধিনায়কত্ব দিয়ে ভুল করবে না। কারণ সে মাত্রই দলের সঙ্গে যুক্ত হয়েছে। ব্যাটিং, ম্যাচ জেতানো, কিপিং করা এবং দলকে নেতৃত্বও দেবে— আপনি একসাথে সবকিছু প্রত্যাশা করতে পারবেন না। আপনি তার উপর একবারে সব চাপিয়ে দিতে চাইবেন না। পরিকল্পনাটা হচ্ছে আস্তে আস্তে তাকে ওই ভূমিকায় বড় হতে দেওয়া এবং পরবর্তীতে ধোনির জায়গা নেবে। এটা লম্বা সময়ের পরিকল্পনা।’
আইপিএল ক্যারিয়ারে পুরোটা সময় চেন্নাইয়ের বিপক্ষে খেলেছেন স্যামসন। প্রতিপক্ষ হিসেবে চেন্নাইয়ের সমর্থকদের উন্মাদনা দেখেছেন তিনি। কাইফ মনে করেন, স্যামসন এখনো চেন্নাইয়ের সংস্কৃতি ও সমর্থকদের প্রত্যাশা সম্পর্কে অবগত নন। পাশাপাশি এও মনে করেন, অধিনায়ক রুতুরাজকে নিয়েও তাড়াহুড়ো করবে না চেন্নাই।
কাইফ বলেন, ‘খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হয় না। তারা যদি রুতুরাজকে দায়িত্ব দেয় তাহলে খুব বেশি তাড়াহুড়ো করবে না। তারা তাকে সাপোর্ট করবে। আমার মনে হয় সাঞ্জুকে অধিনায়কত্ব দেওয়াটা ভুল সিদ্ধান্ত হবে। আমি সেটা ব্যাখ্যা করব। কারণটা হচ্ছে সাঞ্জু এখনো চেন্নাইয়ের সংস্কৃতি পুরোপুরি বুঝে না, সে এও জানে না খেলোয়াড়দের কাছে চেন্নাইয়ের সমর্থকদের প্রত্যাশা কী।’