গত মৌসুমে রোহিতকে পুরো সময় মাঠে না রাখার পেছনে ছিল ফিটনেস ও চোটের বিষয়। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। ওজন কমিয়ে আরও ফিট হয়ে উঠেছেন এই ওপেনার, আন্তর্জাতিক ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে রান পেয়েছেন নিয়মিত।
জয়াবর্ধনে বলেন, 'গত বছর রোহিতের কিছু ছোট চোট ছিল। তাই ওর উপর বেশি চাপ দিতে চাইনি আমরা। ওকে অধিকাংশ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলাম।'
তিনি আরও বলেন, 'রোহিত মাঠে থাকুক বা না থাকুক, দলে ওর প্রভাব প্রচুর। এ বার আমরা তাকে যতটা সম্ভব বেশি সময় মাঠে রাখার চেষ্টা করব।'
অনুশীলনেও ইতিবাচক ছাপ রাখছেন রোহিত। আত্মবিশ্বাসী মেজাজে ব্যাট করছেন, বড় শট খেলছেন স্বাচ্ছন্দে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার কিছু শট গ্যালারিতেও গিয়ে পড়েছে, যা কোচিং স্টাফকে আশাবাদী করে তুলেছে।
দলের ভারসাম্য নিয়েও কথা বলেছেন জয়াবর্ধনে। তার মতে, অলরাউন্ডারের উপস্থিতি দলকে বাড়তি সুবিধা দেবে, 'আমরা বোলার বা ইমপ্যাক্ট প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারি। ম্যাচের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। মাঠে কাকে বেশি প্রয়োজন, সেটাই বিবেচ্য।'
তিনি আরও যোগ করেন, 'এ বার আমাদের দলে বেশ কয়েক জন অলরাউন্ডার রয়েছে। তারা ব্যাট-বল দুটোই ভালো করে। অধিনায়কের হাতে একাধিক বিকল্প থাকবে। প্রতিপক্ষের শক্তি বুঝে প্রথম একাদশ ঠিক করব এবং পরিস্থিতি অনুযায়ী ইমপ্যাক্ট প্লেয়ার বেছে নেব।'
নতুন আইপিএল মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ২৯ মার্চ ঘরের মাঠে ম্যাচটি দিয়ে শুরু হবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের অভিযান।