শামির চোট নিয়ে জল্পনা তৈরি হলেও কোচ জানিয়েছেন, পুরোপুরি সুস্থ রয়েছেন এই পেসার। দিল্লির বিরুদ্ধে আগের ম্যাচে অনেক ওভার বোলিং করার কারণেই তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে আকাশ দীপ ও মুকেশ কুমারের মতো বোলারদের না পাওয়ার মধ্যে শামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে।
লক্ষ্মীরতন বলেন, 'শামি ফিট। তাকে বিশ্রাম দেয়া হয়েছে। দিল্লির বিরুদ্ধে আগের ম্যাচে অনেক ওভার বল করেছে। সে নিজেই বিশ্রাম চেয়েছিল। শামি আসলে চিতাবাঘ। ও বিশ্রাম নেয়ায় নতুনদের খেলানোর সুযোগও পেয়েছি।'
এ দিকে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এখনও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন। ঘরোয়া ক্রিকেটে আট হাজারের বেশি রান করেছেন ৩১ বছরের এই ব্যাটার। বাংলা ও ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্বও দিয়েছেন। সিনিয়র জাতীয় দলের সদস্য হলেও এখনও ভারতের জার্সিতে খেলার সুযোগ পাননি তিনি।
অভিমন্যু বলেন, 'ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই ভারতের হয়ে খেলা আমার স্বপ্ন। তার আগে বাংলার হয়ে খেলতে চেয়েছিলাম। কারণ ওটাই শিকড়। রাজ্য দলকে নেতৃত্ব দিতে পেরে খুশি।'
জাতীয় দলের হয়ে খেলতে না পারা নিয়ে অবশ্য আক্ষেপে ডুবে থাকতে চান না বাংলার অধিনায়ক। তার মতে, বাদ পড়ার হতাশা থাকলেও সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। নিজের দায়িত্ব পালন করাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অভিমন্যু বলেন, 'আমি ভাবি না। ওটা জীবনেরই অংশ। বিশেষ কিছু বলার নেই। সময়ের সঙ্গে সঙ্গে সকলেই শিক্ষা নেয়। দল থেকে বাদ পড়লে মনে হতেই পারে, ‘কেন বাদ পড়লাম’? কিন্তু এক সময় সেটার সঙ্গে মানিয়ে নিতে হয়। আমার কাজ হল যাদের হয়েই খেলছি তাদের হয়ে ভালো খেলা।'