বোল্যান্ডের জোড়া আঘাতে চাপে সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
স্কট বোল্যান্ডের জোড়া আঘাত, ফাইল ফটো
স্কট বোল্যান্ডের জোড়া আঘাত, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
স্কট বোল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে গেবেখা টেস্টের শুরুতেই বিপাকে পড়েছে সাউথ আফ্রিকা। একাদশে ফিরেই পরপর দুই বলে উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ার এই পেসার। তবে বৃষ্টির কারণে নিজের ছন্দ ধরে রাখার বেশি সুযোগ পাননি তিনি। প্রথম দিনের খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

ডারবান টেস্টে হারের পর সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সাউথ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় টেস্টের শুরুটাও ভালো হয়নি তাদের। বৃষ্টির বাধায় প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ১২.২ ওভার। এর মধ্যেই ২০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।

বোল্যান্ডের আঘাতে প্রথমে সাজঘরে ফেরেন এইডেন মার্করাম (১১)। পরের বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনে নামা ডেভিড বেডিংহ্যাম। টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন ৩৭ বছর বয়সী এই পেসার। দিনের খেলা শেষ হওয়ার আগে ৩.২ ওভারে মাত্র ৫ রান দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি।

ঘাসে ঢাকা উইকেটে টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সকালে বৃষ্টি থামায় নির্ধারিত সময়েই টস অনুষ্ঠিত হলেও আবারও বৃষ্টি নামায় খেলা শুরু হতে দেরি হয় দেড় ঘণ্টা। এরপর কয়েক ওভার খেলা হওয়ার পর ফের বৃষ্টি শুরু হলে আগেভাগেই মধ্যাহ্নবিরতি দিতে বাধ্য হন আম্পায়াররা।

বিরতির পর খেলা শুরু হলে বোল্যান্ডের বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে দিনের বাকি সময় আর খেলা গড়ায়নি। সাউথ আফ্রিকার হয়ে অভিষেক হওয়া মার্কাস অ্যাকারম্যান ইনিংস উদ্বোধন করতে নেমে ৩২ বলে ৫ রান করে অপরাজিত আছেন। অন্য প্রান্তে অধিনায়ক টেম্বা বাভুমা চার রানে অপরাজিত রয়েছেন।

আরো পড়ুন: