বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তিনি মনে করেন প্রতিটি দলের জন্যই এখন একই সমীকরণ। তবে তারা ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকবে। যদি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় তাহলে কিছু করার থাকবে না বলে মনে করেন তিনি।
এশিয়ান গেমস শুরুর আগে লিটন বলেছেন, 'প্রত্যেকটি দলের জন্যই তো একই অবস্থা দাঁড়িয়েছে। আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। যতটুকু সুযোগ-সুবিধা তারা আমাদের দিয়েছে, আমাদের পক্ষে যতটুকু সময়ের মধ্যে সম্ভব, আমরা চেষ্টা করেছি প্রস্তুতি নেওয়ার।'
বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জাপানে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। নেটে ও মাঠে নিজেদের অনুশীলন চালিয়ে যেতে দেখা গেছে তাদের। তবে লিটন নিশ্চিত করেছেন দেশ থেকেও পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই তারা জাপানে গিয়েছেন। ফলে প্রস্তুতির কোনো ঘাটতি নেই তার দলের।
লিটন যোগ করেন, 'আমি দেশ থেকে আসার আগেই— আমরা অনেক অনুশীলন করেছি এবং আমি খেলোয়াড়দের একটি কথাই বলেছি যে ওখানে হয়তো সুযোগ নাও থাকতে পারে। তাই মানসিকভাবে সেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, যদি বৃষ্টি থাকে... কারণ এই দেশটি ক্রিকেটের জন্য খুব একটা পরিচিত নয়। তো তারা সুযোগ-সুবিধা সেভাবে সরবরাহ করতে পারবে কি না, তা নিয়ে একটা সংশয় ছিল।'
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারে না নিয়েও খোলামেলা কথা বলেছেন লিটন। বাংলাদেশ অধিনায়কের ধারণা জাপানের উইকেড়ে বোলাররাই বাড়তি সুবিধা পাবেন। তাই পাঁচ বোলার ও ছয় ব্যাটসম্যান নিয়েই মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।
এ প্রসঙ্গে লিটন বলেন, 'আমার কাছে মনে হয় উইকেটটা বোলারদের জন্য একটু সুবিধা দেবে। চেষ্টা করব যে আমাদের দলের যে সেরা বোলারগুলো আছে তারা খেলবে এবং ওভারঅল যে টিম কম্বিনেশন থাকে—পাঁচ বোলার, ছয় ব্যাটসম্যান।'