নিশিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত ও আফগানিস্তানের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। তবে ম্যাচ শুরুর আগেই বৃষ্টির কারণে টস পিছিয়ে যায়। অপেক্ষা করেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে ভারত। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আফগানিস্তানের দ্বিতীয় সারির দল। বৃষ্টির কারণে সেই লড়াই আর মাঠে গড়ায়নি। নিয়ম অনুযায়ী র্যাঙ্কিংয়ে তুলনামূলক ভালো অবস্থানে থাকায় পরিত্যক্ত ম্যাচ থেকেও পরের পর্বের টিকিট পেয়েছে ভারত।
দিনের প্রথম কোয়ার্টার ফাইনালও একই কারণে শেষ করা সম্ভব হয়নি। পাকিস্তান ও হংকংয়ের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তান সেমিফাইনালে উঠে যায়।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। অপরদিকে পাকিস্তান সেমিফাইনালে খেলবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে।