আগেই জিতে যাওয়া উচিত না, খেলেই জিততে হবে: সালাহউদ্দিন

এশিয়ান গেমস
মোহাম্মদ সালাহউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি
মোহাম্মদ সালাহউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া, হংকং চায়না এবং ওমান। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেরা আটের টিকিট পেয়েছে মালয়েশিয়া ও হংকং চায়না। তবে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়াকে। প্রতিপক্ষকে কোনোভাবেই ছোট করে দেখছেন না মোহাম্মদ সালাহউদ্দিন।

এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত হওয়ার পর ২০১০ সালে প্রথম আসরেই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। সেবার ভারত ও পাকিস্তানের মতো দলগুলো এশিয়ান গেমসে নিজেদের প্রথম সারির দল পাঠায়নি। বাংলাদেশ সেই সুযোগটাই লুফে নিয়েছিল। বাংলাদেশও তুলনামূলক কম শক্তিশালী দল নিয়েও স্বর্ণ জিতে নিয়েছিল।

এবার চিত্রটা বেশ ভিন্ন। ভারত-পাকিস্তান সহ প্রায় সবাই মূল দল নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছে। বাংলাদেশও স্বর্ণ জেতার লক্ষ্যে মূল দল পাঠাচ্ছে। অধিনায়ক হিসেবে যাচ্ছেন লিটন দাস। এই আসরে বাংলাদেশের প্রধান কোচের ভূমিকায় আছেন সালাহউদ্দিন। কোয়াটার ফাইনালের ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন তিনি।

সালাহউদ্দিন বলেন, 'আমার জানা আছে মালয়েশিয়া সম্পর্কে মোটামুটি। আর এই ধরণের টুর্নামেন্টে আসলে আপনার অঘটন হতেই পারে। আর কারণ উইকেটটা একই উইকেটে বারবার খেলা হয়, প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত না, খেলেই আমাদের জিততে হবে।'

'অন্য প্রতিপক্ষকে কখনই ছোট করে দেখা উচিত না। আমার মনে হয় যে আমরা আগে কোয়ার্টার ফাইনালটা খেলি, এটাও একটা চাপের ম্যাচ কারণ এটা নকআউট স্টেজ। নকআউটে সবসময় চাপ থাকবেই। আমার মনে হয় ঐ গেমটা নিয়ে আসলে আমাদের মনোযোগী থাকা উচিত। পরেরটা পরে চিন্তা করা যাবে।'

জাপান যাওয়ার আগে গত কিছুদিন ধরেই এশিয়ান গেমসের ক্রিকেটাররা মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প করেছে। বর্তমানে জাপানে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারছে না বাংলাদেশ দল। জাপানের আবহাওয়ার কথা মাথায় রেখে দেশ ছাড়ার আগেই মূল প্রস্তুতি সেরে নেয় বাংলাদেশ।

সালাহউদ্দিন আরো বলেন, 'আমরা জানি আগেই যে এখানে আমরা খুব বেশি ফ্যাসিলিটিজ পাবো না, যে কারণে আমাদের প্রস্তুতিটা আমরা আগেই নিয়ে আসছি। আমাদের অবস্থা তো অবশ্যই ভালো। আমাদের ছেলেরা ভালো অবস্থায় আছে, প্রস্তুতিটা ভালো নিছে। এখন খেলাটা হলেই আমরা খুব খুশি হবো।'

প্রধান কোচের প্রত্যাশা, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি যথাসময়ে মাঠে গড়াবে। তিনি বলেন, 'পাঁচ-সাত দিন ম্যাচ না খেলে তখন সরাসরি ম্যাচ খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। তো আমার মনে হয় যে প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট।'

আরো পড়ুন: