ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব, আটলান্টার বড় জয়

মাইনর লিগ ক্রিকেট
সাকিব আল হাসান, ফাইল ফটো
সাকিব আল হাসান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
যুক্তরাষ্ট্রের মাইনর লিগে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে আটলান্টা লাইটেনিংকে ৪৭ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার। আগে ব্যাট করে পাঁচ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে আটলান্টা ফায়ার, জবাবে ছয় উইকেটে ১৫৮ রানে থামে লাইটেনিং।

পারম বির ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভালো সংগ্রহের পথে এগোয় আটলান্টা ফায়ার। অধিনায়ক স্টিফেন টেলর ও আকাশ দেবের ব্যাট থেকে আসে সমান ৪৪ রান। শেষদিকে পার্থ প্যাটেলের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি।

পার্থ প্যাটেল মাত্র ২২ বলে ৫৬ রান করেন। তার ইনিংসের ওপর ভর করে শেষ দিকে দ্রুত রান তোলে আটলান্টা ফায়ার। অন্যদিকে সাকিবও ব্যাট হাতে কার্যকর অবদান রাখেন। ১৬ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন তিনি।

২০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে আটলান্টা লাইটেনিং। প্রথম ওভারেই বোলিংয়ে এসে মাত্র তিন রান দিয়ে উইকেট তুলে নেন সাকিব। পরের ওভারে সানি প্যাটেল আরও একটি উইকেট নিলে লাইটেনিংয়ের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি হয়।

নিজের দ্বিতীয় ওভারে লাইটেনিং অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে ফিরিয়ে দেন সাকিব। একপর্যায়ে ২৭ রানেই চার উইকেট হারিয়ে বসে লাইটেনিং। এরপর সাইফ ও আব্দুল আহাদ মিলে প্রতিরোধ গড়েন।

দুজনের ৬৭ রানের জুটি ভেঙে আবারও দলকে খেলায় ফেরান সাকিব। ৪৬ রান করা সাইফকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। তার বোলিংয়েই ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেয় আটলান্টা ফায়ার।

শেষদিকে আমিলা আপোনসো ১৬ বলে পাঁচ ছক্কায় ৩৬ রানের ঝড় তুললেও দলের হার এড়াতে পারেননি। নির্ধারিত ওভারে ছয় উইকেটে ১৫৮ রানেই থামে আটলান্টা লাইটেনিং। আটলান্টা ফায়ারের হয়ে চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন সাকিব। ব্যাটে ২৬ রানের পর বল হাতেও তিন উইকেট নিয়ে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

আরো পড়ুন: