দেশে ফিরছেন হাসান, হতাশ কেন্ট

ইংলিশ কাউন্টি
হাসান মাহমুদ, ফাইল ফটো
হাসান মাহমুদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে কেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন হাসান মাহমুদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার পর তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই সপ্তাহে কেন্টের হয়ে আর খেলতে পারবেন না এই পেসার।

আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন সূচিতে বাংলাদেশের একাধিক সিরিজ রয়েছে। সেই সিরিজগুলো সামনে রেখেই হাসানকে দেশে ফেরাচ্ছে বিসিবি।

কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বলেন, 'কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ভাগে হাসানকে হারিয়ে আমরা হতাশ। তবে গঠনমূলক আলোচনার পর বিসিবির নেয়া সিদ্ধান্তকে আমরা সম্মান করি। শীতের সূচির জন্য তাকে শুভকামনা জানাই।'

হাসানকে না পাওয়াটা কেন্টের জন্য বড় ধাক্কা হলেও শেষ দুই ম্যাচে দলের অন্য দুই বিদেশি বোলার কিথ ডাজিয়ন ও খালেদ আহমেদকে পাওয়া যাবে বলে জানিয়েছেন কুক। তিনি বলেন, 'হাসানকে আমরা খুব মিস করব। তবে আমাদের অন্য দুই বিদেশি বোলার কিথ ডাজিয়ন ও খালেদ আহমেদ শেষ দুই ম্যাচের জন্য অ্যাভেলেইবল থাকবে।'

চলতি মৌসুমে কেন্টের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টিতে ৩০ উইকেট নিয়ে দলের গুরুত্বপূর্ণ বোলারে পরিণত হয়েছেন তিনি। কেন্ট জানিয়েছে, মৌসুমে তার অবদানের জন্য ক্লাব কর্তৃপক্ষ কৃতজ্ঞ এবং ভবিষ্যতে তাকে আবারও দলে স্বাগত জানানো হবে।

আরো পড়ুন: