অধিনায়কত্ব না পেলেও বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াডে আছেন মিঠুন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পরই ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরে ঢাকা লেপার্ডসের অধিনায়ক ছিলেন মিঠুন। ব্যাট হাতেও ছন্দে ছিলেন তিনি।
লেপার্ডসের হয়ে ১১ ম্যাচে ৩২.১০ গড়ে ৩২১ রান করেছেন মিঠুন। একটি হাফ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও আছে তার। এমন পারফরম্যান্সের পরই মিডল অর্ডারের জন্য বিবেচনা করা হয়েছে তাকে। যদিও লম্বা সময় ধরেই জাতীয় দলের আশেপাশে নেই। সবশেষ ২০২১ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটের ম্যাচ খেলেছেন ডানহাতি এই ব্যাটার।
‘এ’ দলের হয়ে প্রত্যাশা মেটাতে পারলে বছর পাঁচেক পর জাতীয় দলেও ফেরার পথ সুগম হতে পারে তার। মিঠুনের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দলে আছেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। গত ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। আলিসের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কেউই। তবে চোটের কারণে গত কয়েক মাসে খেলার বাইরে ছিলেন ডানহাতি এই স্পিনার।
চোট কাটিয়ে ‘এ’ দলের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন আলিস। তাদের দুজনের পাশাপাশি দলে রাখা হয়েছে হৃদয়, নাইম, জাকের, সাইফ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান ও মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটারদের। এ ছাড়া মুশফিক হাসান, আল ফাহাদের মতো তরুণও সুযোগ পেয়েছেন। আগামী ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ‘এ’ দল— নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, জাকের আলী অনিক, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, আল ফাহাদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা।