১৩ আগষ্ট থেকে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতকে আতিথ্য দেবে আফগানিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য কদিন আগেই দল ঘোষণা করেছে তারা। ১৩ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজে খেলতে দ্রুতই সিপিএল ছাড়তে পারেন মোহাম্মদ নবি। ফলে গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না তাকে।
এমন অবস্থায় নবির বদলি হিসেবে মিরাজের সঙ্গে চুক্তি করেছে গায়ানা। তিন ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের চারে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গ্রুপ পর্বে এখনো সাতটি ম্যাচ বাকি রয়েছে তাদের। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতের বিমান ধরতে পারেন নবি। তবে মিরাজের সঙ্গে কয় ম্যাচের জন্য চুক্তি করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো সিপিএলে খেলতে যাচ্ছেন মিরাজ। ২০১৭ সালে বাংলাদেশের অলরাউন্ডারকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। কদিন আগে বাংলাদেশের অলরাউন্ডার খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। গল গ্যালান্টসের হয়ে ৪ ম্যাচে ৪৪ রান করলেও বল হাতে উইকেটের দেখা পাননি তিনি।
ফাইনালে জাফনা কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিরাজের গল। এ ছাড়া লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগও (পিএসএল) খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন হলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। মিরাজের আগে সিপিএল খেলেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।