এবার পারিশ্রমিক নিয়ে কোনো টালবাহানা হবে না বলে আশা প্রকাশ করেছেন মোহাম্মদ মিঠুন। ক্রিকেটার্স ওয়েলফেরার অ্যাসোসিয়েশনের সভাপতি মনে করেন কিছু কিছু দল পারিশ্রমিকের ব্যাপারে শতভাগ স্বচ্ছ। অন্যদিকে কিছু দলের বিরুদ্ধে প্রতি আসরেই ক্রিকেটারদের অভিযোগ থাকে।
এবার সেই জায়গা থেকে বের হয়ে ভালো একটি প্রিমিয়ার লিগের প্রত্যাশায় আছেন তিনি। শনিবার থেকে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের দলবদল। মিঠুন এবার নাম লিখিয়েছেন ঢাকা লেপার্ডসে। আনুষ্ঠানিকতা সারতে এদিন মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে এসে এই টুর্নামেন্ট নিয়ে কথা বললেছেন মিঠুন।
পারিশ্রমিক ইস্যুতে তিনি বলেন, 'টাকা পাওয়া নিয়ে আশঙ্কার কথা বলতে গেলে এটা নির্ভর করে দলের ওপরে। সব দল কিন্তু একরকম না। কিছু দল আছে যাদের টাকা দেওয়ার পদ্ধতি খুবই ভালো, কিছু দল আছে যাদের কথা প্রতিবছরই শুনতে হয়। আমি আশা করব ওই জায়গা থেকে বের হয়ে যে প্রতিশ্রুতি থাকবে সেটা দলগুলো যেমন খেলোয়াড়রা ১০০ শতাংশ প্রতিশ্রুতি দিয়ে মাঠে খেলে, একই সময়ে খেলা শেষ হওয়ার পরে যেটা তাদের প্রাপ্য সেটা যেন সব দল বুঝিয়ে দেয়, এটাই আমার চাওয়া।'
ঢাকা লেপার্ডস এবার প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উঠে এসেছে। তারা এরই মধ্যে দলে ভিড়িয়েছে মিঠুন, মুমিনুল হক ও জাওয়াদ আবরারের মতো ক্রিকেটার। দলটি এখনও পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। বাকি ধাপগুলোতেও তারা দলের কাছ থেকে এমন স্বচ্ছতা পাবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন মিঠুন।
তিনি যোগ করেন, 'আমাদের নতুন দল প্রথম বিভাগ থেকে উঠেছে—লেপার্ডস। তো ওদের টাকা দেওয়ার পদ্ধতি এ পর্যন্ত আমাদের সাথে যে প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী আগাচ্ছে। সময়মতো ওদের ১০০ শতাংশ প্রতিশ্রুতি তাদের দিক থেকে রক্ষা করছে। আমরাও চেষ্টা করব আমাদের একটা ভালো ভারসাম্যপূর্ণ দল হয়েছে, আমরাও চেষ্টা করব মাঠে এটার সর্বোচ্চ প্রতিদান দিতে।'