ডারউইনে ৯ উইকেটে জিতলেও ম্যাকাইতে ইনিংস এবং ৫১ রানে হারে টাইগাররা। ম্যাকাইতে ম্যাচ হারলেও বোলিংয়ে দৃষ্টিনন্দন পারফরম্যান্স উপহার দেয় টাইগাররা। শরিফুল ইসলাম নেন সাত উইকেট, অস্ট্রেলিয়া থামে ২১০ রানে।
যদিও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটি হারে টাইগাররা। প্রথম ইনিংসে ৬৪ রানে অল আউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে ৯৫ রান। যদিও ডারউইনে জেতা টেস্টের লড়াকু মনোভাব অন্য উচ্চতায় নিয়ে গেছে টাইগারদের।
ক্যারি বলেন, 'এটি (বাংলাদেশের সঙ্গে সিরিজ) নির্বাচক বা বোর্ডের বিষয়। তবে আমি বলব, এটি একটি বিনোদনমূলক সিরিজ ছিল। খুব ভালো খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে খেলা হয়েছে। গত কয়েক মাস ধরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টেস্টে বেশ ভালো লড়াই হয়েছে।'
'আমরা টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে আরও বেশি দেখতে চাই এবং তাদের বিপক্ষে আরও সিরিজ খেলতে আমরা পছন্দ করব। খেলা শেষে তাদের সাথে কথা বলা এবং সময় কাটানোটাও বেশ ভালো ছিল।'
ম্যাকাইতে অস্ট্রেলিয়া জিতলেও নিজেদের ব্যাটিং নিয়ে স্বাচ্ছন্দ্যে নেই ক্যারি। তার মতে, এই টেস্টে আরো বেশি লিড নেয়ার সামর্থ্য ছিল অস্ট্রেলিয়ার। নিজেদের ব্যাটিং নিয়ে খানিকটা হতাশ তিনি। তবে বাংলাদেশের পেসারদের কৃতিত্ব দিতে ভোলেননি এই উইকেটরক্ষক।
ক্যারি আরো বলেন, 'আমরা সবসময়ই উন্নতির সুযোগ খুঁজি। প্রথম ইনিংসে খেলাটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ ছিল। ১৫০ রানের লিড পাওয়া অবশ্যই চমৎকার, কিন্তু আমাদের মনে হয়েছে আমরা আরও কিছু রান করতে পারতাম। তাই ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সবসময় উন্নতির চেষ্টা করছি।'
'বাংলাদেশের সব পেসারই এই সিরিজে বেশ ভালো বোলিং করেছে। আমার মনে হয় প্রথম দিনেই সে তার পুরস্কার পেয়েছে। সব মিলিয়ে এটি একটি দারুণ লড়াই ছিল। আমাদের ব্যাটসম্যানদের জন্য ২০০- এর বেশি রান তোলা এবং প্রথম ইনিংসে ভালো লিড পাওয়াটা বেশ ভালো একটা চ্যালেঞ্জ ছিল। শরিফুল সত্যিই বেশ প্রভাব রেখেছে।'