বাংলাদেশ ইমার্জিংয়ের নিষ্প্রভ বোলিংয়ের দিনে সাউথ আফ্রিকার দাপট

বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফর
লাইভ ভিডিও থেকে নেওয়া
লাইভ ভিডিও থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করলেন জেপি কিং। দেড়শ করতে না পারলেও সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিলেন। শেষ বিকেলে সেটা টেনে নিয়ে গেলেন মিচেল ভ্যান ভারেন। সেঞ্চুরির অপেক্ষায় আছেন তিনি নিজেও। সাউথ আফ্রিকার এমন ব্যাটিংয়ের দিনে নিষ্প্রভ বাংলাদেশ ইমার্জিং দলের বোলিং। বলার মতো কোনো চ্যালেঞ্জ জানাতে না পারায় সারাদিনে নিতে পেরেছেন চারটি উইকেট। বিপরীতে স্বাগতিকরা তুলেছে ৩০৭ রান।

উইলমোর পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করলেন লিথেকো ও কিং। দুজনের ব্যাটে একটু একটু করে এগোতে থাকে সাউথ আফ্রিকা। রোহানের বলে সিঙ্গেল নিয়ে ৮২ বলে হাফ সেঞ্চুরি করেন কিং। একটু পর দুজনে মিলে একশ রানের জুটিও পূর্ণ করেন। যদিও জুটির সেঞ্চুরি হওয়ার পর ফিরতে হয়েছে লিথেকোকে। ডানহাতি ওপেনারকে ফেরান রোহান।

বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে পয়েন্টে আমিনুল ইসলাম বিপ্লবকে ক্যাচ দিয়েছেন। ৮৯ বলে ৪৬ রান করা লিথেকোর বিদায়ে ভাঙে কিংয়ের সঙ্গে ১০১ রানের জুটি। দিনের প্রথম সেশনে ৩২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১১১ রান তোলে সাউথ আফ্রিকা। উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি ভ্যালেন্টিন কিটিমি। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন তিনি।

২২ রান করা ভ্যালেন্টিনের বিদায়ে ভাঙে কিংয়ের সঙ্গে ৬০ রানের জুটি। একটু পর রোহানকে এক্সট্রা কভার দিয়ে চার মেরে ১৬৯ বলে সেঞ্চুরি করেন কিং। সেঞ্চুরির পর আরও দ্রুত রান তুলতে থাকেন প্রোটিয়া ওপেনার। তবে তাকে দেড়শ করতে দেননি আবু হাশিম। বাঁহাতি স্পিনারের বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন কিং। ডানহাতি ওপেনার আউট হয়েছেন ২২৫ বলে ১৪৯ রানের ইনিংস খেলে।

শেষ বিকেলে ৯৮ বলে হাফ সেঞ্চুরি করেন মিচেল ভ্যান ভারেন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি রিচার্ড সেলেটসোওয়ানে। আউট হয়েছেন বিপ্লবের বলে। প্রথম দিন শেষে ৯১ ওভারে ৪ উইকেটে ৩০৭ রান তুলে থেমেছে সাউথ আফ্রিকা। ১৩৪ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন ভ্যান ভারেন। তাকে সঙ্গ দেওয়া আন্দিলে সিমিলানে ১০ রানে অপরাজিত। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রোহান, হাশিম ও বিপ্লব।

আরো পড়ুন: