অস্ট্রেলিয়াকে যখনই চ্যালেঞ্জ জানানো হয়েছে, তারা ঘুরে দাঁড়িয়েছে: ক্যারি

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
অ্যালেক্স ক্যারি, ফাইল ফটো
অ্যালেক্স ক্যারি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের বলে বোল্ড হবার পর স্টাম্পের বেল উঠিয়ে ঠিক করে দিচ্ছিলেন ট্রাভিস হেড। তার এমন কান্ড দেখে ধারাভাষ্য কক্ষে থাকা অ্যাডাম গিলক্রিস্ট বলছিলেন এমন ঘটনা তিনি কখনোই দেখেননি। এরপর স্টিভেন স্মিথও আউট হবার পর ডাগআউটে অনেকটা হতবিহবল হয়ে বসে ছিলেন। এ ঘটনাগুলোতেই অনেকটা বোঝা যায় ডারউইনে টেস্ট হার অজিদের কতটা ধাক্কা দিয়েছে। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অজিরা প্রতিবার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবারেও তেমনটা হবে বলেই মনে করেন অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। ‎

লম্বা মৌসুমের শুরুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজকে অনেকটা প্রস্তুতির মঞ্চ হিসেবেই নিয়েছিলো অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে অজিরা কত দ্রুত হারাতে পারবে সেটিই ছিল মূল আলোচনা। তবে,২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ অস্ট্রেলিয়াকে রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়ে ডারউইন টেস্ট জিতে নিয়েছে ৯ উইকেটে। টেস্টে খেলা হওয়া ১১ টি সেশনের প্রতিটিতেই অস্ট্রেলিয়াকে প্রায় দাঁড়াতেই দেয়নি নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের পরিকল্পনা সঠিক বাস্তবায়নে ব্যর্থ হওয়াতেই এমনটা হয়েছে বলে মনে করেন ক্যারি।

‎সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ক্যারি বলেন, 'অবশ্যই গত টেস্টটি আমাদের পরিকল্পনা অনুযায়ী যায়নি। তাই আমরা সেটি নিয়ে ভেবেছি এবং আলোচনা করেছি। আমরা সবসময় খেলার চলাকালীন সময়েই এই আলোচনাগুলো করি, আলোচনার জন্য খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় না।'

‎নিজেদের প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার সামনে দাঁড়িয়ে এখন অজিরা। দ্বিতীয় টেস্টে হারলে নিজেদের মাটিতে ১৮৮৭ সালের পর আবারও হোয়াইটওয়াশ হবে অস্ট্রেলিয়া। তবে, কঠিন এই চ্যালেঞ্জে নিজেদের স্বভাবসুলভভাবেই ঘুরে দাঁড়াবে অজিরা, বিশ্বাস ক্যারির।

‎ক্যারি বলেন,'আমরা সাফল্যের জন্য খুব ক্ষুধার্ত এবং আমরা মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছি। অস্ট্রেলিয়াকে যখনই চ্যালেঞ্জ জানানো হয়েছে, আমরা সবসময় খুব শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছি। আমি দ্বিতীয় টেস্ট শুরুর অপেক্ষায় আছি।'

‎‎প্রথম টেস্টে নিজেদের ব্যর্থতার পাশাপাশি, দারুণ ক্রিকেট খেলায় বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন এই উইকেটরক্ষক। গত ম্যাচ থেকে তাই শিক্ষা নিয়েই ২২ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে দারুণ কিছু করতে চান তিনি।

‎ক্যারি বলেন, 'বাংলাদেশ খুবই দারুণ ক্রিকেট খেলেছে। আমরা এখান থেকে এবং গত ম্যাচ থেকে অনেক কিছু শিখব। আমি শনিবার আবার মাঠে নেমে খেলা শুরু করার জন্য খুব অপেক্ষা করে আছি।'

আরো পড়ুন: