২-০ তে হারানোটা বেশি হয়ে যায়, তবে আরো ভালো খেলতে পারতাম: বাশার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
হাবিবুল বাশার, ফাইল ফটো
হাবিবুল বাশার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডারউইন টেস্টে ৯ উইকেটে হারলেও ম্যাকাইতে মাত্র দেড় দিনে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-১ সমতায় শেষ করেছে প্যাট কামিন্সের দল। এই ম্যাচ হারায় কিছুটা আফসোস রয়েছে হাবিবুল বাশারের। দল হিসেবে বাংলাদেশ ভালো খেলতে পারেনি বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার জয়ে অবাক হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক।

মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে কেবল ৬৪ রান করে বাংলাদেশ। মাত্র ১২ রান খরচায় ছয়টি উইকেট নেন এই পেসার। এরপর ক্যামেরন গ্রিনের ১০৫ বলে ৬৭ এবং স্টিভ স্মিথের ৭৪ বলে ৪২ রানের ইনিংসে ২১০ রান তোলে অজিরা।

টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। ১৪৬ রানে পিছিয়ে থাকা দলটি এবার মাত্র ৯৫ রানে অল আউট হয়। চারটি উইকেট নেন স্টার্ক। বাকি ছয়টি উইকেট সমানভাগে ভাগ করে নেন কামিন্স এবং নাথান লায়ন।

বাশার বলেন, 'প্রত্যাশা তো বেশি অবশ্যই ছিল। একটা সুযোগ আমরা তৈরি করেছিলাম সিরিজ জেতার। তবে হ্যাঁ, আমরা জানতাম, অস্ট্রেলিয়া টেস্টের এক নম্বর দল। তারা তাদের সবটুকু শক্তি নিয়ে এই ম্যাচটা খেলবে। স্বাভাবিকভাবেই ২-০ ব্যবধানে হারানোটা আসলে একটু বেশি হয়ে যায়, তবে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম।'

এই ম্যাচে টস জিতে আগে বোলিং বেছে নেয় অস্ট্রেলিয়া। পেসবান্ধব উইকেটে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। মূলত এখানেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া, এমনটাই মনে করছেন বাশার।

তিনি বলেন, 'আমরা সুযোগ কিন্তু তৈরি করেছিলাম। তবে টসটা আসলে একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। টসের ওপর তো কারও হাত নেই, আপনি হারতেও পারেন জিততেও পারেন। কিন্তু এতখানি পার্থক্য আসলে সবসময় তৈরি করে না।'

'অস্ট্রেলিয়ানদেরও ব্যাটিং করতে কষ্ট হয়েছে। আমরা যদি আগে বোলিং করতাম তাহলে হয়তো ভিন্ন গল্প হলেও হতে পারতো। কারণ আমার মনে হয় অস্ট্রেলিয়া একটা চান্স সুযোগ নিয়েছিল। তারা যে ধরনের উইকেটটা দিয়েছে এই টেস্ট ম্যাচে, এটা কিন্তু যে কারও ম্যাচ হতে পারতো। আমরা অনেক সময় যেমন স্পিনিং ট্র্যাক বানাই, ওরা আসলে ওরকমই পেস সহায়ক পিচ বানিয়েছিল। তবে আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারতাম।'

আরো পড়ুন: