শেষ পর্যন্ত রেনশকে নিয়েই ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে অজিরা। ফলে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে রেনশকে। দ্বিতীয় টেস্টের আগে একাদশে একটা পরিবর্তনই এনেছে তারা। ওয়েদার্যান্ড বাদে প্রথম টেস্টে খেলা বাকিরা সবাই আছেন ম্যাকাইয়ে। সিরিজে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি হোয়াইটওয়াশ এড়াতে পেসবান্ধব উইকেট বানাচ্ছে অস্ট্রেলিয়া।
ঠান্ডার সঙ্গে বাতাস থাকায় সবুজাভ উইকেট থেকে বাড়তি সুবিধা পাবেন প্যাট প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড ত্রয়ী। তাদের সঙ্গে বাংলাদেশ ভয় ধরাতে পারেন ক্যামেরন গ্রিন এবং বেউ ওয়েবস্টারের মতো পেস বোলিং অলরাউন্ডাররা। গুঞ্জন ছিল দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়তে পারেন নাথান লায়ন। অধিনায়কও এমন ইঙ্গিতই দিয়েছিলেন।
বোলিং বিভাগে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রেস কনফারেন্সে কামিন্স বলেছিলেন, ‘দ্বিতীয় টেস্টের আগে মূলত বোলিং আক্রমণ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই উইকেটে আমরা আগে কখনো লাল বলে টেস্ট ম্যাচ খেলিনি। তাই আমরা আর একটা দিন সময় নিচ্ছি এটা নিশ্চিত হতে যে অতিরিক্ত একজন পেসার খেলাব নাকি স্পিনার।’
যদিও শেষ পর্যন্ত লায়নই টিকে গেছেন। প্রেস কনফারেন্সের একটা পর্যায়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক এও জানিয়েছেন, ম্যাচের শেষের দিকে গিয়ে উইকেট ব্যাটারদের জন্য সহায়ক হতে পারে। এমনকি স্পিনাররাও খানিকটা সুবিধা পেতে পারেন। সেই ভরসায় লায়নকে আবারও সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়া। ২২ আগষ্ট বাংলাদেশ সময় ভোর ৬ টায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টের জন্য অস্টেলিয়ার একাদশ— ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং জশ হ্যাজেলউড।