অস্ট্রেলিয়া সিরিজের অবশিষ্ট টেস্ট ম্যাচটির পর সাউথ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের করে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ।
এই সাত টেস্ট ম্যাচের অন্তত পাঁচটিতে জিতলে ইতিহাস রচনা করা সম্ভব বাংলাদেশ দলের। যদিও এতদূর ভাবতে চান না তামিম। তিনি আপাতত ধারাবাহিকতা ধরে রাখার পক্ষে।
তামিম বলেন, 'বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলছে। গাণিতিকভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা সম্ভব। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো যে ধরনের ক্রিকেট এখন ওরা খেলছে সেটা চালিয়ে যাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।'
'চারটা টেস্ট দেশের মাটিতে আছে, দুইটা টেস্ট সাউথ আফ্রিকার মাটিতে আছে আর একটা অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় টেস্ট। যে ধরনের ক্রিকেট তারা খেলছে যেকোনো কিছু সম্ভব। আমি অনেক বেশি দূরের চিন্তা এখন করতে চাই না। এটা টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা ঠিক করে, ওদের চিন্তা করার কাজ এটা। আমি নিশ্চিত তারা এটা নিয়ে চিন্তা করবে।'
বাংলাদেশ দলের ধারাবাহিকতা ছাড়াও আরেকটি লক্ষ্য আছে তামিমের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আরো বেশি বিদেশি সিরিজ প্রত্যাশা তার। এটা নিয়ে আইসিসির ফিউচার ট্যুর পোগ্রামের সভায় আলোচনা করবেন তিনি। চেষ্টা করবেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশকে আরো বেশি টেস্ট খেলানোর।
তামিম বলেন, 'এফটিপি মিটিং আমার মনে হয় আগামী মাসে হবে। এখানে গিয়ে আমরা আন্তর্জাতিকভাবে কীভাবে করে অন্য টিমগুলোকে রাজি করে আরও ভালো ভালো সিরিজ নিতে পারি। এটাই আমাদের দায়িত্ব আর এই দায়িত্ব ইনশাআল্লাহ আশা করি আমরা ভালো করব। এই ম্যাচটা অবশ্যই আমাদের সাহায্য করবে আলোচনা করতে।'
'আশা করি যে এফটিপিটা আমরা সামনে পাব এটা যতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায়, যতটুকু ভালো জায়গায় গিয়ে খেলা যায়, যতটুকু বড় টিমগুলোর সাথে আরও বেশি খেলা যায়, ওটাই করার আমরা চেষ্টা করব।'