‘মাঠে রিল্যাক্স নয়, খেলার পর সমুদ্রে যান-সুইমিংয়ে যান’, বাংলাদেশকে বাসিত

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
বাসিত আলী (ডানে), ফাইল ফটো
বাসিত আলী (ডানে), ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো সময় কাটাচ্ছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের প্রথম তিন দিনেই নাজমুল হোসেন শান্তর দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে কোনোভাবেই আত্মতুষ্টিতে ভুগতে নিষেধ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ম্যাচ বিশ্লেষক বাসিত আলী।

হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। একাই ছয় উইকেট শিকার করেন হাসান মাহমুদ। তাসকিন ও ইবাদত নেন দুটি করে উইকেট। স্বাগতিকদের দ্রুত অলআউট করে দিয়ে শুরুতেই ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করে বাংলাদেশ।

ব্যাট হাতে এরপর আরও বড় বার্তা দেয় শান্তর দল। তানজিদ হাসান তামিম তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। অধিনায়ক শান্ত ও মিরাজও করেন গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি। মাত্র এক রানের জন্য ফিফটি থেকে বঞ্চিত হন মুমিনুল হক। শেষ পর্যন্ত ৪২৬ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস, ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের বড় লিড পায় তারা।

তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্ট্রেলিয়া। যদিও বাংলাদেশের বোলারদের সামনে স্বস্তিতে থাকতে পারেনি তারা। তৃতীয় দিন শেষে চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬১ রান। বাংলাদেশের চেয়ে এখনো ৬৭ রানে পিছিয়ে স্বাগতিকরা। অর্থাৎ চতুর্থ দিনের শুরুতেই কয়েকটি উইকেট তুলে নিতে পারলে ম্যাচে জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে বাংলাদেশের।

বাসিত বলেন, ‘টেস্ট ম্যাচে একটা সেশন খারাপ খেললেই ম্যাচ হেরে যেতে হয়। বাংলাদেশকে এখন ওভারকনফিডেন্ট হওয়া চলবে না যে ৩ দিন ভালো খেলেছি বলে রিল্যাক্স হয়ে যাবে। রিল্যাক্স কখন করবেন? টেস্ট ম্যাচ জেতার পর! তারপর সুইমিং পুলে যান, সমুদ্রে যান বা যেখানে খুশি যান রিল্যাক্স করতে! কিন্তু মাঠে একফোঁটাও রিল্যাক্স হওয়া যাবে না।’

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের বাকি ৬৭ রানকেই তাই ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন বাসিত। তার মতে, চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই বাংলাদেশের বোলারদের বড় ভূমিকা রাখতে হবে।

‘যে ৬৭ রান বাকি রয়েছে, আমার মনে হয় তার মধ্যেই আরও ২-৩টি উইকেট নিয়ে নেয়া উচিত। প্রথম ঘণ্টাটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ অস্ট্রেলিয়া যদি ১৫০ রানের লিড নিয়ে নেয়, চতুর্থ ইনিংসে কঠিন হয়ে যাবে। ওদের যেন ১২৫, ১৩০ বা সর্বোচ্চ ১৪০ রানের বেশি না বানাতে দেওয়া হয়। যাতে বাংলাদেশকে জয়ের জন্য ৭০-৮০ রানই করতে হয়, এর বেশি নয়’।

আরো পড়ুন: