টস জিতে আগে ব্যাটিং নিয়েছে ভারত। শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলতে থাকেন দলটির দুই ওপেনার ইয়াশভি জয়সাওয়াল এবং রাহুল। এই দুজনের ৪৭ রানের ওপেনিং জুটি ভাঙে জয়সাওয়াল ৩৭ বলে ৩২ রান করে প্রবাথ জয়সুরিয়ার থ্রো'তে রান আউট হলে।
এরপর রাহুল-পাড়িকালের জুটিতে এগিয়ে যেতে থাকে ভারত। লঙ্কান স্পিনারদের বেশ সাবলীলভাবে মোকাবেলা করতে থাকেন এই দুজন। ১৬২ বলে ৭৭ রান করে রাহুল আহত হয়ে মাঠ ছাড়লে ১৫০ রানের এই জুটি ভাঙে।
এরপর অবশ্য পাড়িকালকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি শুভমান গিল। দলীয় ২৩৬ রানে ভারতের অধিনায়ক ২৮ বলে ১৬ রান করে ফিরে যান। প্রবাথকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন এই ব্যাটার।
তারপর ঋষভ পান্তের সঙ্গে জুটি গড়েন পাড়িকাল। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটি তুলে নেন ১৩৪ বলে। তিনি দিন শেষ করেন ১৭৮ বলে ১৩১ রান করে। অপরদিকে পান্ত করেন ৩৬ বলে অপরাজিত ২৭ রান।
এ দিন খেলার মাঝে দুবার বৃষ্টি বাগড়া দেয়। প্রথমবার লাঞ্চের পরপর এবং দ্বিতীয়বার পাড়িকালের সেঞ্চুরির কিছুক্ষণ পর। শেষদিকে আলোক সল্পতা দেখা দিলে ৭৩ ওভারেই শেষ হয় দিনের খেলা।