ইরফান শুক্কুরকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা তারকা ব্যাটার সাব্বির রহমান। এ ছাড়া শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিসান আলমের মতো ক্রিকেটার আছেন দলটিতে।
২১ আগস্ট থেকে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের তৃতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ। নেপাল জাতীয় দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেবে নিউজিল্যান্ড 'এ' দলও। এ ছাড়াও থাকবে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, বাংলাদেশের অভিযান শুরু হবে ২২ আগস্ট শনিবার, নেপালের বিপক্ষে। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। পরদিন ২৩ আগস্ট রোববার একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ খেলবে হোবার্ট হারিকেনসের বিপক্ষে।
২৪ আগস্ট সোমবার ভেন্যু বদলে বাংলাদেশ মুখোমুখি হবে ভিক্টোরিয়ার, ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় সকাল ১১টায়। এরপর ২৫ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ডিএক্সসি মাঠেই অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে টাইগাররা।
বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাচ ২৭ আগস্ট বৃহস্পতিবার। এদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ আগস্ট শুক্রবার বাংলাদেশ খেলবে স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে, একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে। ছয়টি ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
টুর্নামেন্টের শেষ দিন, ৩০ আগস্ট রোববার একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। প্রথম সেমিফাইনাল গার্ডেনস মাঠে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় সেমিফাইনাল ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং ফাইনাল ম্যাচ বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ডিএক্সসি মাঠে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এইচপি স্কোয়াড-
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বসির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।