অস্ট্রেলিয়াতে স্পিনাররাও বড় ভূমিকা পালন করতে পারে: হান্নান

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
হান্নান সরকার
হান্নান সরকার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টেস্ট স্ট্যাটাস পাবার তিন বছর পর ২০০৩ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে দুটি টেস্টেই বাংলাদেশ বাজেভাবে হারলেও বিরুদ্ধ কন্ডিশনে দুর্দান্ত ব্যাটিং করে স্টিভ ওয়াহদের মত কিংবদন্তিদের প্রশংসা কুড়িয়েছিলেন হান্নান সরকার। এবার ২৩ বছর পর আবারও যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে তখন নিজের উত্তরসূরীদের অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করার টোটকা দিয়েছেন হান্নান।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম সেই সফরের দ্বিতীয় টেস্টে ৭৬ ও ৫৫ রানের দুটো ইনিংস খেলেন হান্নান। সেবার দল হিসেবে বাংলাদেশ ব্যর্থ হলেও বর্তমান দল নিয়ে বেশ আশাবাদী বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা হান্নান। অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করতে হলে সেখানে কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে হান্নান বলেন, 'তানজিদ তামিম, অমিত হাসান যদি অস্ট্রেলিয়ায় নিজেদের মানিয়ে নিতে পারে তাহলেই বড় খেলোয়াড় হতে পারে।তানজিদ তামিম যে ধরনের শট খেলে, টেস্ট ক্রিকেটেও এই ধরনের শট খেলাও খুব জরুরি। কিন্তু কখন খেলতে হবে, কোন সময়টায় খেলতে হবে সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে টেস্ট ক্রিকেটের জন্য আলাদাভাবে একটু নজর দেওয়া দরকার।'

তামিম-অমিতদের মতো তরুণ খেলোয়াড়দের ওপর বেশি ভরসা করলেও মুশফিকুর রহিমের অভিজ্ঞতাকে আলাদাভাবে মুল্যায়ন করতে চান হান্নান। মুশফিকের অভিজ্ঞতা প্রসঙ্গে হান্নান বলেন, 'মুশফিক এই দলে সবচেয়ে সিনিয়র খেলোয়াড়, সে নিশ্চিতভাবেই তরুণদের পরামর্শ দেবে এবং পথ দেখাবে।'

তবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভালো কিছু করতে হলে বোলিং বিভাগকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ঘরোয়া ক্রিকেটের সফল কোচ হান্নান। সেজন্য অস্ট্রেলিয়ার ব্যাটারদের শক্তি-দুর্বলতা বুঝে আলাদা পরিকল্পনা সাজাতে হবে বলেও পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে হান্নান বলেন, 'ট্র্যাভিস হেডকে আটকে রাখতে পারবেন না আপনি, সে যদি ৩০-৪০ করে ফেলে দ্রুত,করে ফেলু্‌ক, কিন্তু তারপরেও যদি তার উইকেট আমরা নিয়ে নিতে পারি সেই রানটা আর বড় করতে পারবে না। মানে দ্রুত উইকেট না নিলে কিন্তু অস্ট্রেলিয়ার রানটা আটকানো কঠিন হয়ে যাবে। সেই জায়গা থেকে পেস বোলারদের লিড দিতে হবে এই জন্যই বারবার আলোচনায় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের বিপক্ষে আমাদের পেস বোলারদের আলোচনাটা চলে আসছে।'

অস্ট্রেলিয়ার মাটিতে শুধু পেসার নয়, স্পিনারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন হান্নান। কোচ হিসেবে অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা থেকে হান্নান জানান, প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে বেশ টার্ন পেতে পারেন স্পিনাররা।

হান্নান বলেণ,'আমরা যখন টপ এন্ডও খেলতে গেলাম সেখানেও আমাদের স্পিনাররা যারা ছিল তারা কিন্তু কিছুটা টার্ন পেয়েছে। টেস্ট ক্রিকেটেও টার্ন আমরা আশা করতেই পারি। খুব বেশি টার্নিং উইকেট হয়তোবা হবে না যেটা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি। সেরকম না হলেও তবে তাদেরও লায়ন আছে সেটাও মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে স্পিনাররাও এখানে খুব গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে পারে এই টেস্টে।'

এ প্রসঙ্গে হান্নান যোগ করেন, 'মিরাজ এবং তাইজুল আমাদের নিশ্চিতভাবে সেরা স্পিনার বলতে হবে পাশাপাশি বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ দুইজন স্পিনার। যখনই তাদের হাতে বলটা যাবে তারাও সেখানে তাদের কাজটা করার চেষ্টা করবে। টার্ন খুব বেশি পাবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, ডারউইনের উইকেটে আমি দেখেছি যে স্পিনে টার্ন করেছিল।'

আরো পড়ুন: