জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে ছিলেন মুস্তাফিজ। তবে সেই ম্যাচে ৬ ওভারের বেশি বোলিং করেননি তিনি। দ্বিতীয় ম্যাচে একাদশেই রাখা হয়নি তাকে। পরবর্তীতে বিসিবির পক্ষ থেকে জানানো হয় হ্যামস্ট্রিংয়ের চোট পড়েছেন মুস্তাফিজ। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, আপাতত দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া অংশ নেবে তিনি।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগবে বাঁহাতি এই পেসার। এমন অবস্থায় পুরো মৌসুমের এনওসি পেলেও দ্য হান্ড্রেডের শুরুর দিকে খেলতে পারবেন না মুস্তাফিজ। চলতি মাসেই ইংল্যান্ডে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা রয়েছে তার। মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ওয়ানডে দলে ডাকা হয়েছে সাইফউদ্দিনকে।
২০১৭ সালে অভিষেক হলেও লম্বা সময় ধরে বাংলাদেশের ওয়ানডে দলে নেই সাইফউদ্দিন। ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার সবশেষ ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি দলেও পরিবর্তন আনা হয়েছে। মুস্তাফিজের বদলি হিসেবে যুক্ত করা হয়েছে তাসকিনকে।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরে জাফনা কিংসের হয়ে খেলবেন ডানহাতি এই পেসার। এলপিএলের পুরো মৌসুমে খেলার জন্য এনওসি পেয়েছেন তিনি। যে কারণে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি তাকে। তবে মুস্তাফিজের চোটে আবারও তাসকিনকে টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে। ফলে জাফনার হয়ে প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে পারেন তাসকিন।