অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে আব্দুল গাফফার সাকলাইনের। পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনের দিলেও চোখ আছে বাংলাদেশ কোচের। এর বাইরে তানজিম হাসান সাকিবও আছেন বাংলাদেশ দলের ভাবনায়। পাশাপাশি পেস বোলিং আক্রমণ নিয়েও আশাবাদী সিমন্স।
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'যেকোনো সিরিজের মূল লক্ষ্যই থাকে ম্যাচ জেতা। কিন্তু জয়ের পাশাপাশি ভবিষ্যৎ দল গঠনের দিকেও আমাদের তাকাতে হয়। তাসকিন বা ফিজ কী করতে পারে তা আমরা জানি। রানা অবশ্য এখনো খুব বেশি টি-টোয়েন্টি খেলেনি। সাকলাইনের ক্ষেত্রে আমরা এমন একজন পেসার খুঁজছি যে নিচের দিকে ব্যাটিংটাও কিছুটা করতে পারে। সাকলাইন বা সাইফউদ্দিনের মধ্যে আমরা সেই সম্ভাবনা দেখছি। আমাদের স্কোয়াডে সাকিবও ছিল, কিন্তু ও প্রায় পুরো বছরের জন্যই মাঠের বাইরে চলে গেছে।'
এখন থেকেই আগামী বিশ্বকাপের দল গড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কোচ সিমন্স। ২০২৭ সালে এশিয়া কাপ আছেও। তাসকিন-মুস্তাফিজরা যদি গুরুত্বপূর্ণ সময়ে কোনো কারণে খেলতে না পারেন তাহলে যেন পেস বোলারের কোনো সঙ্কট তৈরি না হয় সেই ভাবনাও আছে সিমন্সের। কাউকেই তিনি হুট করে আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেয়ার পক্ষপাতি নন।
সিমন্স বলেন, 'আমাদের এখন থেকেই ভবিষ্যৎ দল গড়ার কাজ শুরু করতে হবে। আমি আগেও বলেছি, এটা শুধু এই সিরিজ বা পরের সিরিজের বিষয় নয়। আমরা অবশ্যই প্রতিটা ম্যাচ জেতার জন্যই মাঠে নামি, কিন্তু একই সাথে ২০২৮ বা ২০২৭ সালের এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টগুলোর জন্য দল প্রস্তুত করার দিকেও নজর দিতে হবে। আজ থেকে ছয় বা আট মাস পর যদি তাসকিন ও ফিজ মনে করে যে তারা আর টি-টোয়েন্টি খেলবে না, কিংবা তারা যদি চোটে পড়ে, তখন তো আমাদের ব্যাক-আপ তৈরি রাখতে হবে। আমরা যদি এখন নতুনদের সুযোগ না দিই, তবে হুট করে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেওয়া যাবে না।'
গত এক দেড় বছর ধরেই বাংলাদেশ রোটেশনের ভিত্তিতে খেলাচ্ছে পেসারদের। ফলে সিরিজের সব ম্যাচে খেলছেন না সব পেসার। একেক ম্যাচে একেক রকমের আক্রমণ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এর ফলে পেসাররাও বিশ্রামের সময় পাচ্ছেন এবং যে ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন সেখানেই তারা নিজেদের সেরাটা উজার করে দিতেও পারছেন।
এ প্রসঙ্গে সিমন্স যোগ করেন, 'মুস্তাফিজের ব্যাপারটা শরিফুলের মতোই। আমরা যখন এখানে আসি, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রত্যেককে অন্তত দুটি করে ম্যাচ খেলার সুযোগ দেব। ও প্রথম দুটি ম্যাচ খেলেছে, তাই আজ ওকে বিশ্রাম দেওয়া হয়েছে।'