ভারত সিরিজ আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি

বাংলাদেশ-ভারত সিরিজ
বিরাট কোহলি ও মেহেদী হাসান মিরাজ
বিরাট কোহলি ও মেহেদী হাসান মিরাজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এর আগে অনিশ্চয়তার মধ্যে থাকা এই সিরিজের টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। আর তাতেই সিরিজটি নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে।

আগেই জানা গেছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার ক্রিকবাজকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানি জানিয়েছেন সূচি অনুযায়ী ভারত সিরিজ নিয়ে আশাবাদী তারা। এ কারণেই সিরিজ সম্প্রচারের দরপত্র আহ্বান করা হয়েছে।

তিনি ক্রিকবাজকে বলেন, ‘আমরা সূচি অনুযায়ী ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী। আগামী কয়েকটি হোম সিরিজের পাশাপাশি ভারতের সফরের জন্যও আমরা মিডিয়া স্বত্বের দরপত্র আহ্বান করেছি এবং সম্ভাব্য দরদাতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার আশা করছি। ভারতের মতো শীর্ষ দলের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার সুবিধা সবারই জানা, এবং ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

অবশ্য আসন্ন বাংলাদেশ সফর নিয়ে ক্রিকবাজের সঙ্গে কোনো কথা বলেননি কোনো বিসিসিআই কর্মকর্তা। বিসিবির ঘোষিত সফরসূচি অনুযায়ী, ভারতীয় দল ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর।

এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। এর আগে রাজনৈতিক অস্থিরতার কারণে এই সফর স্থগিত হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

অন্তবর্তীকালিন সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে বাংলাদেশের দল পাঠায়নি। এরপর বাংলাদেশের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। তবে বাংলাদেশের ক্ষমতায় এখন নির্বাচিত বিএনপি সরকার। এরই মধ্যে বাংলাদেশের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের তদন্ত করছে বর্তমান সরকার।

আরো পড়ুন: