ক্ষমা চেয়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন শ্রীশান্থ

ভারতীয় ক্রিকেট
শান্তাকুমারন শ্রীশান্থ
শান্তাকুমারন শ্রীশান্থ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শান্তাকুমারন শ্রীশান্থের ওপর আরোপ করা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ)। গত বছর সংগঠনটির বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে তার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

বুধবার অনুষ্ঠিত কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। মূলত সংস্থাটির কাছে ক্ষমা চেয়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন শীশান্থ।

বিবৃতিতে বলা হয়েছে, কেসিএর বিরুদ্ধে দেওয়া মন্তব্যের জন্য শ্রীশান্থ নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন জমা দিয়েছেন এবং নিজের বক্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। সেই ভিত্তিতেই তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

গত কেরালা ক্রিকেট লিগের শেষ পর্বের ম্যাচগুলোর আগে তার ওপর তিন বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছিল কেসিএ। অন্যদিকে তার ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বড় বিতর্ক ছিল ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ।

ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং ভারতীয় ক্রিকেট বোর্ড শুরুতে আজীবন নিষেধাজ্ঞা দেয়। পরে ফৌজদারি মামলায় তিনি আদালতে খালাস পান। পরবর্তীতে ভারতের সুপ্রিম কোর্ট সেই আজীবন নিষেধাজ্ঞা বাতিল করলে বোর্ড শাস্তির মেয়াদ কমিয়ে সাত বছর নির্ধারণ করে।

এ ছাড়া ২০০৮ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার সময় মুম্বাই ইন্ডিয়ান্সের হারভজন সিংয়ের সঙ্গে চড়কাণ্ডের ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ওই ঘটনায় হারভজন সিংকে পুরো মৌসুম থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

আরো পড়ুন: