দরপত্র অনুযায়ী, ২০২৭ সালে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এমনটাই জানিয়েছে জিও নিউজ। যদিও এ সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাংলাদেশ। তবু দরপত্রের তথ্য থেকে আগামী দুই বছরের আন্তর্জাতিক সূচির একটি প্রাথমিক চিত্র পাওয়া যাচ্ছে।
সবশেষ চলতি বছরের শুরুতে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। মার্চে অনুষ্ঠিত হয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, এরপর মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুই সিরিজেই দাপট দেখায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে জয়ের পর টেস্ট সিরিজে পাকিস্তানকে ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে স্বাগতিকরা।
২০২৭ সালের সম্ভাব্য পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ তাই দুই দলের জন্যই আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ হতে চলেছে। পাকিস্তান দল এখন ব্যস্ত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচি নিয়ে। সামনে তাদের ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফর রয়েছে। ১৩ জুলাই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে নিজেদের দেশ ছাড়ার কথা পাকিস্তানের।
১৮ জুলাই শুরু হবে চার দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর ২৫ থেকে ২৯ জুলাই প্রথম এবং ২ থেকে ৬ আগস্ট দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়। ক্যারিবীয় সফর শেষে ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ১৯ আগস্ট লিডসের হেডিংলিতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৭ আগস্ট লন্ডনের লর্ডসে এবং তৃতীয় টেস্ট ৯ সেপ্টেম্বর বার্মিংহামের এডজবাস্টনে অনুষ্ঠিত হবে।