বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট মনে করেন লিটনের কিপিং বিশ্বমানের। এর পেছনে কারণও আছে। চলতি টেস্টেই উইকেটের পেছনে লিটনের পারফরম্যান্স নিশ্চিতভাবেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। সিলেট টেস্টের চতুর্থ দিনের কথাই ধরুন। উইকেটের পেছনে ঝাঁপিয়ে বাবর আজমের ক্যাচ নিয়েছেন লিটন।
প্রথম দেখায় এটি সহজ ক্যাচ মনে হতে পারে। কিন্তু বাস্তবতা ভিন্ন। স্পিনারের বল যখন লেগ স্টাম্পের বাইরে পিচ করে এবং ব্যাটের সামান্য ছোঁয়ায় কিপারের পেছনে যায়, তখন সেটি ধরা মোটেও সহজ নয়। লিটন সেই ক্যাচও যেন ধরেছেন অনায়াসে। এর আগে দিনের শুরুতে তাসকিন আহমেদের একটি ডেলিভারি লেগ স্টাম্পের বাইরে পিচ করে বল চলে যাচ্ছিল আরও বাইরে।
সেই বল পুরো শরীর প্রসারিত করে ধরেছেন লিটন। নাহলে নিশ্চিতভাবেই চার রান খরচ হতো বাংলাদেশের। টেইটও মনে করেন লিটনের কিপিং বড় পার্থক্য গড়ে দিচ্ছে ম্যাচে। তাই এই উইকেটরক্ষক ব্যাটারকে প্রশংসা ভাসিয়েছেন বাংলাদেশ দলের এই পেস বোলিং কোচ।
এ প্রসঙ্গে টেইট বলেন, 'খুব ভালো প্রশ্ন। স্টাম্পের পেছনে লিটন কতটা ভালোভাবে কাজ করছে, তা সত্যিই অসাধারণ, বিশেষ করে গত এক মাসে। ম্যাচ শেষে ডাগআউটেও আমরা এটা নিয়ে কথা বলেছি এবং তার কিপিংয়ের প্রশংসা করেছি, কারণ এটা ম্যাচে বড় পার্থক্য তৈরি করে। আর তাইজুলের কথা বললে, আজকের প্রচণ্ড গরমে সে যেভাবে সারাদিন বোলিং করেছে, সেটা ছিল এক অসাধারণ লড়াই। এত গরমেও শেষ মুহূর্তে নতুন বলে উইকেট নেওয়া সত্যিই দারুণ। আর এই মুহূর্তে লিটনের কিপিং এক কথায় বিশ্বমানের।'
বর্তমানে খুব বেশি দল আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত নেই। তাই লিটনকে আলাদা করছেন না টেইট। তবে তার মতে লিটন এখন সেরাদের একজন। টেইট বলেন, 'আসলে এই মুহূর্তে বলা কঠিন, কারণ এখন বেশি আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না, শুধু আইপিএল চলছে। তবে এই মুহূর্তে সে সেরাদের একজন, কারণ এখন তেমন বেশি ম্যাচ হচ্ছে না। তবে সত্যি বলতে, সে যেভাবে ব্যাটিং এবং কিপিং করছে, একজন ক্রিকেটার হিসেবে সে এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছে।'