জাতীয় দলে ফেরার গুঞ্জন আছে মোসাদ্দেক হোসেন সৈকতের। জাতীয় দলে বিশেষ করে ওয়ানডেতে একজন ফিনিশারের শূন্যতা আছে। সাব্বিরও সেই জায়গাটিকেই লক্ষ্য করছেন। তিনি আশাবাদী পারফরম্যান্স করলে সেই দরজা তার জন্যও খুলে যাবে। যতদিন খেলবেন ততদিন চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সাব্বির।
তিনি যোগ করেন, 'যেই আসুক বাংলাদেশ দলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ যেন ভালো ফল করে। আমি ঢুকি বা মোসাদ্দেক বা অন্য কেউ, যে কেউই দলে আসুক, তার কাছ থেকে ভালো পারফরম্যান্সই প্রত্যাশা। আমার লক্ষ্য অবশ্যই আছে, সেই জন্যই খেলছি, চেষ্টা করছি ভালো করার। এবার না হলে পরেরবার হবে, পরেরবার না হলে তার পরেরবার হবে, কিন্তু ইনশাআল্লাহ হাল ছাড়বো না যতদিন ক্রিকেট খেলবো।'
সর্বশেষ বিপিএলে ৯ ইনিংসে ১৩৪ রান করেছিলেন সাব্বির। এর আগে এনসিএলে ৫ ইনিংসে করেছিলেন ১০২ রান। এমন পারফরম্যান্সের পর সাব্বির মনে করেন তিনি ট্র্যাকেই আছেন। ফর্মের উত্থান পতন হলেও তিনি বর্তমান ছন্দ নিয়ে বেশ আশাবাদী। প্রস্তুতিও ভালো হচ্ছে বলে মনে করেন তিনি।
সাব্বির যোগ করেন, 'আসলে আমি সবসময়ই ট্র্যাকে ছিলাম। কখনো কখনো একটু ওঠানামা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো হচ্ছে। যে কয়টা ম্যাচ খেলছি, সুযোগ পাচ্ছি, চেষ্টা করছি ভালো করার। প্রস্তুতিও ভালো হচ্ছে। যেহেতু আমি রাজশাহীর ছেলে, সেখানে নিয়মিত অনুশীলন করি। সেখানে অনুশীলনের সুযোগও ভালো, সময় নিয়ে কাজ করা যায়। মিরপুরে অনেক ভিড় থাকে, সেখানে সময়টা কম পাওয়া যায়। রাজশাহীতে আমি মন দিয়ে অনুশীলন করতে পারি, হয়তো তারই ফল এখন পাচ্ছি। আরও ভালো করার চেষ্টা করছি।'
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। এবারও শিরোপার দৌড়ে আছে দলটি। সামনেই তাদের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। এরপর মোহামেডানের বিপক্ষে ম্যাচ আছে তাদের। শিরোপার দৌড়ে টিকে থাকতে দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ আবাহনীর। সাব্বির আশাবাদী চ্যালেঞ্জ মোকাবেলা করেই চ্যাম্পিয়ন হবে আবাহনী।
তিনি বলেন, 'আমাদের এখনো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। প্রাইম ব্যাংক পাঁচটা ম্যাচ জিতেছে, তবে আমরা যদি তাদের হারাতে পারি তাহলে হেড টু হেডে আমরা এগিয়ে থাকবো। এরপর মোহামেডানের সঙ্গে শেষ ম্যাচ আছে। যদি এরপর আর কোনো ম্যাচ না হারি এবং কোনো অঘটন না ঘটে, তাহলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারবো।'