আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বাধীন একটি এডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যদিও কদিন আগে এডহক কমিটি বাতিল চেয়ে আদালতে রিট করেছেন বুলবুলসহ ১২ পরিচালক। সেই ঘটনার পর এবার বিসিবি নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে।
কদিন আগেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। ১৬ এপ্রিল নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন তারা। তফসিল ঘোষণার পর ১৭ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিসিবি সংক্রান্ত একটি রিট মামলায় ২০২৬ সালে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে একটি আবেদন করা হয়।
হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ উভয় পক্ষের পূর্ণাঙ্গ শুনানি অন্তে এই মর্মে সিদ্ধান্ত নেন যে উক্ত আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত বিসিবির নির্বাচনে কোনও প্রকার হস্তক্ষেপ করবেন না।
উক্ত শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন মাননীয় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম. রহমান। এদিকে ১৭ এপ্রিল ১৮৪ জন কাউন্সিলরের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন আয়োজনে আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন।