নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরছেন তানজিম

বাংলাদেশ ক্রিকেট
তানজিম হাসান সাকিব, ফাইল ফটো
তানজিম হাসান সাকিব, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে স্বস্তি বাংলাদেশ শিবিরে। ইনজুরি কাটিয়ে কিউইদের বিপক্ষে সিরিজ দিয়েই মাঠেই ফিরতে যাচ্ছেন তানজিম হাসান সাকিব। পিঠের চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাট ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করেন এই পেসার। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তানজিম এপ্রিলের শুরুতেই পূর্ণ ফিট হয়ে উঠতে পারবেন বলে আশা করছেন।

সীমিত ওভারে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য তানজিম। কিন্তু পিঠের চোটের কারণে মাঠের বাইরে আছেন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর থেকেই। আগেই অবশ্য বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছিলো এপ্রিলের শুরুতে তানজিমকে মাঠে ফেরানোর জন্য কাজ করছেন তারা।

ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তানজিম বলেন, 'এখন আমি ৭০-৮০ শতাংশ দিয়ে বল করছি। আগামী কয়েকটা সেশনের পর আশা করি শতভাগ দিয়ে বোলিং করতে পারব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এপ্রিলেই মাঠে ফিরতে পারব।'

আগামী ১৩ এপ্রিল সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। আগামী বছর সাউথ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে খেলতে হলে থাকতে হবে সেরা আটে। এই সিরিজ জিতে আট নম্বরে থাকা ইংল্যান্ডের সাথে ব্যবধান কমানোর সুযোগ মেহেদী হাসান মিরাজের দলের।

অন্যদিকে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ব্যস্ত থাকায় টি-টোয়েন্টি সিরিজে ছুটিতে থাকবেন পেসার মুস্তাফিজুর রহমান। তাই এই সিরিজে পেস বোলিং ডিপার্টমেন্টে তানজিমের ফেরাটা দলের জন্যও বেশ গুরুত্বপূর্ণ ছিলো বাংলাদেশ দলের জন্য। টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও ওয়ানডে সিরিজ খেলতে পিএসএলের মাঝপথেই বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ।

আরো পড়ুন: