কোনো রাজনৈতিক দল নয়, দেশের প্রতিনিধিত্ব করুন: তারেক রহমান

বাংলাদেশ ক্রিকেট
তারেক রহমান, ফাইল ফটো
তারেক রহমান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উদ্বোধনের সময় ল্যাপটপে বোতাম চাপার সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের অনলাইন ব্যবস্থার মাধ্যমে ক্রীড়াবিদদের মোবাইলে অর্থ পৌঁছে যায়। এ সময় ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের সম্মাননাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশে বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে সমাসীন রাখুন।'

তিনি আরও বলেন, 'দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি।'

সরকারের এই উদ্যোগের মাধ্যমে ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নিয়মিত পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হবে বলে জানানো হয়।

প্রধানমন্ত্রী বলেন, 'ক্রীড়া এখন আর শুধু বিনোদন নয়, এটি একটি পেশা। খেলোয়াড়রা যাতে নিশ্চিন্তে তাদের পছন্দের খেলাকে পেশা হিসেবে নিতে পারে, সে জন্য সরকার কাজ করছে।'

'যিনি যে খেলায় ভালো করতে পারবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা বা টানাপোড়েনে না ভোগেন, সে লক্ষে বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে।'

একই সঙ্গে তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনা এবং বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে আরও ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রমুখ।