জিওস্টার তাদের স্থানীয় অংশীদার টি স্পোর্টসের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে। ২০২৩ থেকে ২০২৭ মৌসুম পর্যন্ত এই প্রতিযোগিতার সম্প্রচারের অধিকার ছিল টি স্পোর্টসের কাছে, যা তারা জিওস্টারের কাছ থেকে উপচুক্তির মাধ্যমে পেয়েছিল।
প্রতিষ্ঠানটি এক চিঠিতে জানায়, 'চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ধারাবাহিক ব্যর্থতার কারণে এই চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো।'
ফলে চলতি আসরে বাংলাদেশে এই প্রতিযোগিতার কোনো সম্প্রচারক থাকছে না। এর আগে জানুয়ারিতে বাংলাদেশে এই প্রতিযোগিতার সম্প্রচার বন্ধ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স দলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আসে।
যদিও পরে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার কথা জানানো হয়েছিল, তবে নতুন করে চুক্তি বাতিলের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে সিদ্ধান্ত পরিবর্তন হলেও সম্প্রচারের বিষয়টি অনিশ্চিতই থেকে যাচ্ছে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। প্রতি মৌসুমেই দর্শকদের আগ্রহ থাকে চোখে পড়ার মতো, তবে এবারের আসরে সেই ধারাবাহিকতায় বড় ধাক্কা লাগল।
এদিকে একই কারণে উইমেন্স প্রিমিয়ার লিগের সম্প্রচার চুক্তিও বাতিল করেছে জিওস্টার। সব মিলিয়ে বাংলাদেশে এই দুই প্রতিযোগিতার সম্প্রচার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
তথ্যসূত্র- রয়টার্স