‘হৃদয়ভাঙার’ অভিজ্ঞতার কথা জানালেন সাইফ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
অনুশীলনে সাইফ হাসান, বিসিবি
অনুশীলনে সাইফ হাসান, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন ক্রিকেটাররাই। দেশি বিদেশি অনেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে এমন মন্তব্য করেছিলেন। শুক্রবার বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানান বিশ্বকাপে খেলতে না পেরে বেশ কয়েকজন ক্রিকেটার বড় ধাক্কা খেয়েছেন।

তিনি নাম না নিলেও জানিয়েছেন দুজন ক্রিকেটার ট্রমায় পড়ে গিয়েছিলেন। তাদেরকে খেলায় ফেরাতেও অনেক কঠিন চেষ্টা করতে হয়েছে সালাহউদ্দিনকে। বিশেষ করে তার কাছে বড় চ্যালেঞ্জি ছিল বিশ্বকাপের সময় হওয়া অদম্য টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের খেলানো।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, 'একটা মানুষের স্বপ্ন শেষ করে দিয়েছেন। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমায় চলে গিয়েছিল। চার পাঁচ দিন ধরে কই হারায় গিয়েছিল। তাদের যে আমরা টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাফল্য কোচিংয়ে আমার জীবনে'

এর খানিক পরেই নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস নেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাইফ হাসান। তিনি জানিয়েছেন হৃদয়ভাঙার অভজ্ঞতা থেকে ফিরে আসা বেশ কঠিন ছিল তার জন্য। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। এর পেছনে দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও অপেক্ষা ছিল।

যা শুধু একটি সিদ্ধান্তের কারণে বাস্তবায়ন করতে পারেননি। তিনি লিখেছেন, 'সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ মেহেরবান। আলহামদুলিল্লাহ। বিশ্বকাপে খেলতে না পারার হৃদয়ভাঙা অভিজ্ঞতা থেকে ফিরে আসা মোটেও সহজ ছিল না। এটি ছিল আমার প্রথম বিশ্বকাপ, জীবনের এক স্বপ্ন। সেই স্বপ্নের পেছনে ছিল অনেক পরিশ্রম, ত্যাগ আর অপেক্ষা।'

সাইফ আরও যোগ করেন, 'আমি বিশ্বাস করি, আল্লাহ সবার জন্য আরও উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সেই জায়গা থেকে নিজেকে সামলে এগিয়ে যাওয়া আমার জন্য সহজ ছিল না। কঠিন সেই সময়ে যারা মানসিকভাবে আমাকে সমর্থন দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।'

আরো পড়ুন: