তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হতাশ করে ম্যানচেস্টারে ভারতের ড্র
সেঞ্চুরি থেকে তখন ১১ রান দূরে রবীন্দ্র জাদেজা! তিন অঙ্ক ছুঁতে আরেক ব্যাটার ওয়াশিংটন সুন্দরের চাই ২০ রান। ম্যানচেস্টার টেস্টের শেষদিনের শেষ বিকেলে তখনো বাকি ১৫ ওভারের খেলা। এমন সময় ওয়াশিংটন ও জাদেজার কাছে গিয়ে হাত মেলাতে চাইলেন বেন স্টোকস। জয়ের সম্ভাবনা না থাকায় ড্র মেনে নিয়েই ইংল্যান্ডের অধিনায়ক এগিয়ে গিয়েছিলেন, সেটা বুঝতে বাকি থাকার কথা নয়। তবে ভারতের দুই ব্যাটারের কেউই হাত মেলালেন না। পরোক্ষণেই আম্পায়ারের কাছে গিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন স্টোকস। তাতেও কাজ হলো না।