আয়ারল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেনি ভারত। শ্রেয়াস আইয়ারসহ দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার থাকার পরও আইরিশদের কাছে হারতে হয়েছে তাদের। পাশাপাশি ইংল্যান্ড সফরেও ভরাডুবি হয়েছে সফরকারীদের। পুরো যুক্তরাজ্য সফরে ভালো করতে না পারায় ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয় বোর্ড অব কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
চলতি মাসের শুরুতে একটি সভাও ডাকে ভারতের বোর্ড। তবে সেই সভায় উপস্থিত ছিলেন না আগারকার। প্রধান নির্বাচক অনুপস্থিত থাকার পর থেকেই তার চাকরি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। চলতি বছরে ইংল্যান্ড সফরে গিয়ে লর্ডসে গিয়ে ওয়ানডে খেলেছে ভারত। সেই ম্যাচের আগে গুঞ্জন উঠে, লর্ডসে খেলেই অবসর নিতে যাচ্ছেন রোহিত শর্মা। যদিও শেষ পর্যন্ত তিনি অবসর নেননি।
শোনা যায়, সেই ম্যাচের আগে নির্বাচকরা রোহিতকে বলেছিলেন তিনি আর তাদের পরিকল্পনায় নেই। এমন খবর কানে আসতেই হস্তক্ষেপ করে বিসিসিআই। যার ফলশ্রুতিতে এখনো অবসর নেননি ডানহাতি এই ওপেনার। গুঞ্জন আছে, রোহিতের সঙ্গে সেই ঘটনার পর থেকেই আগারকারের চাকরি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ভারতের সাবেক ক্রিকেটারের চুক্তি রয়েছে।
এসব গুঞ্জনের মাঝেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ, ইরানি কাপ এবং ভারত ‘এ’ দলের স্কোয়াড বাছাই করেছেন আগারকার। ক্রিকবাজের সূত্র অনুযায়ী, এখনো পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছে এবং নির্বাচকরা তাদের নিয়মিত কাজ করে যাচ্ছেন। এদিকে বিসিসিআই চাইলেও তাৎক্ষণিকভাবে নতুন কোনো প্রধান নির্বাচক নিয়োগ দিতে পারবে না।
সেটার জন্য বোর্ডকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যেখানে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি পরবর্তী ধাপে সাক্ষাৎকার গ্রহণও করতে হবে। ফলে নতুন কাউকে নিয়োগ দিতে হলে বিসিসিআইয়ের কিছুটা সময় লাগবে। যদিও গুঞ্জন রয়েছে, প্রধান নির্বাচকের পদ থেকে আগারকারকে সরিয়ে দেওয়া হলে সেই জায়গা নিতে পারেন ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার পার্থিভ প্যাটেল।