২০ মাস পর বাংলাদেশের ওয়ানডে দলে মুর্শিদা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন মুর্শিদা খাতুন। দেড় বছরের বেশিরভাগ সময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো প্রোগ্রামে ছিলেন না বাঁহাতি এই ওপেনার। তবে সম্প্রতি বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে সাউথ আফ্রিকা সফর করেছেন। যেখানে একটি হাফ সেঞ্চুরিও করেছেন। এমন অবস্থায় ২০ মাসের অপেক্ষার প্রহর কেটেছে মুর্শিদার।

সবশেষ ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা মুর্শিদাকে অস্ট্রেলিয়া সফরে রেখেছেন নির্বাচকরা। মুর্শিদাকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। অস্ট্রেলিয়া সফরেও বাংলাদেশের অধিনায়ক হিসেবে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। যেখান তার সহকারী হিসেবে রাখা হয়েছে নাহিদা আক্তারকে।

মুর্শিদা ছাড়াও দলে বেশ কয়েকটি পরিবর্তন রয়েছে। চলতি বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফাহিমা খাতুন, ফারজানা হক, ফারিহা ইসলাম তৃষ্ণা ও জুয়াইরিয়া ফেরদৌস। গত সিরিজে স্ট্যান্ডবাই হিসেবে থাকা ওপেনার দিলারা আক্তার সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে।

এ ছাড়া অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের ওয়ানডে দলে সুযোগ মিলেছে দিশা বিশ্বাস ও হাবিবা ইসলাম পিঙ্কির। সবশেষ সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বল হাতে আলো ছড়িয়েছেন দিশা। মারুফার সঙ্গে পেস বোলিংয়ের ভবিষ্যত হিসেবে বিবেচনা করা হচ্ছে হাবিবাকে।

সাম্প্রতিক সময়ে দল হিসেবে একেবারেই ভালো ক্রিকেট খেলতে পারছে না বাংলাদেশ। এমন অবস্থায় দলের সঙ্গে দেখা করে তাদের সাহস দেওয়ার চেষ্টা করেছেন তামিম ইকবাল ও রফিকুল ইসলাম। এদিকে কোচ পরিবর্তনের আলোচনা থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সবগুলো ম্যাচই হবে ব্রিসবেনে। আগামী ৩ অক্টোবর থেকে সিরিজটি শুরু হবে।

বাংলাদেশ ওয়ানডে দল— নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন এবং হাবিবা ইসলাম পিঙ্কি।