বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কয়েকবার নারী বিপিএল চালু করার ইঙ্গিত দিয়েছিলেন। নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে সেটা নিয়ে কয়েক দফায় আলোচনাও করেছিলেন তিনি। তবে ভারতের মতো করে বাস্তবে রূপ দিতে পারেননি পাপন। সভাপতি পরিবর্তনের পর আরও একবার নারী বিপিএলের আলাপ তুলেছিলেন ক্রিকেটাররা।
ছেলেদের ২০২৫ বিপিএলের মাসকট ও থিম সং উন্মোচনের সময় ফারুক আহমেদের কাছে একই দাবি তুলেছিলেন জ্যোতি ও জাহানারা আলম। সেই সময় আশ্বাসও দিয়েছিলেন বিসিবির তৎকালীন সভাপতি। নাজমুল ফাহিম আবেদিন ফাহিম জানিয়েছিলেন, ছেলেদের বিপিএল শেষেই মেয়েদের তিন দলের টুর্নামেন্ট হবে। যদিও শেষ পর্যন্ত সেটা মাঠে গড়ায়নি।
গত বছরের নভেম্বরে একই ধরনের আশ্বাস দিয়েছিলেন বুলবুলও। বর্তমান সভাপতি অবশ্য নিজের কথা রেখেছেন। নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলার প্রচেষ্টায় ৪-১৪ এপ্রিল গড়াতে যাচ্ছে নারী বিপিএল। টুর্নামেন্টের প্রথম আসরে তিনটি দল অংশ নেবে। ২২ ফেব্রুয়ারি বোর্ড সভায় সূচি চূড়ান্ত করেছে বিসিবি।
ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে মেয়েদের বিপিএল। টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলাকে।
ছেলেদের বিপিএলে নিলাম হলেও মেয়েদের বিপিএলে ড্রাফট পদ্ধতির মাধ্যমে দল সাজানো হবে। স্থানীয় ক্রিকেটারের পাশাপাশি প্রতিটি দলে বিদেশি ক্রিকেটারও থাকবে। তবে প্রতিটি দল কতজন করে বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে সেটা এখনো জানায়নি বিসিবি। ফ্র্যাঞ্চাইজির নাম, ড্রাফটের নিয়ম, টুর্নামেন্টের ফরম্যাট ও সূচি পরবর্তীতে জানাবে তারা।