হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে খেলতে পারেননি ওপেনার জন ক্যাম্পবেল। চোট কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছেন তিনি। পাকিস্তান সিরিজে ক্যাম্পবেলের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া কার্ক ম্যাকেঞ্জিকে এবার বাদ পড়তে হয়েছে। আলজারি জোসেফের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার কিমো পলকে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের পর জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। লাল বলের ক্রিকেটে টানা দীর্ঘ সময় উচ্চগতিতে বোলিংয়ের শারীরিক চাপ ও চোটের ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বোর্ড জানিয়েছে, সাদা বলের ক্রিকেটে খেলার ক্ষেত্রে জোসেফের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। দীর্ঘ সংস্করণে ফেরার প্রস্তুতিতে তিনি চিকিৎসক দলের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।
তিন সংস্করণেই টানা খেলার পর শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে তার কাজের চাপ ও শারীরিক সুস্থতা ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে বোর্ড। চলতি ভারত সফরের পর আগামী এক মাসে ওয়েস্ট ইন্ডিজের আর কোনো সাদা বলের ম্যাচ নেই।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন উইকহ্যাম। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন বার্বাডোজের এই ব্যাটার। তাঁর ইনিংসগুলো ছিল ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের। সব মিলিয়ে ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তৃতীয় হয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে তাঁর গড় ৪০.৮৮, সেঞ্চুরি ছয়টি।
চলতি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিই ওয়েস্ট ইন্ডিজের শেষ অ্যাসাইনমেন্ট। পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থাকা দলটির লক্ষ্য টেবিলের উপরে উঠে আসা। প্রধান কোচ ড্যারেন স্যামি মনে করেন, বাংলাদেশের মাটিতে খেলা চ্যালেঞ্জিং হলেও সিরিজ জিততে প্রস্তুত তাঁর দল। তার মতে, এই সিরিজে জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লক্ষ্য পূরণের পথে দলকে এগিয়ে নেবে।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেডেন সিলস ও কেভিন উইকহ্যাম।