অস্ট্রেলিয়া-বাংলাদেশের বিপক্ষে গতির ঝড় তোলার অপেক্ষায় নরকিয়া

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
অ্যানরিখ নরকিয়া, ফাইল ফটো
অ্যানরিখ নরকিয়া, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোটের কারণে দীর্ঘদিন ধরেই লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটের বাইরে অ্যানরিখ নরকিয়া। সর্বশেষ ২০২৩ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাউথ আফ্রিকার এই গতি তারকা। এরপর পেরিয়ে গেছে তিন বছরেরও বেশি সময়। এবার আবারও লাল বলের ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রাথমিক দলে রাখা হয়েছে নরকিয়াকে। চূড়ান্ত দলেও থাকার আশা করছেন ৩২ বছর বয়সী এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের পর বাংলাদেশের বিপক্ষেও টেস্ট খেলবে সাউথ আফ্রিকা। সব মিলিয়ে টেস্টে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন নরকিয়া।

তিনি বলেন, 'বেশ কিছুদিন আগে থেকেই আমার প্রস্তুতি চলছে মূলত লাল বলকে ঘিরেই। লাল বলে দক্ষতা মেলে ধরা, ধীরে ধীরে এবং সঠিক উপায়ে খেলার পরিমাণ বাড়ানো এবং ওভারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করাটাই ছিল আমার মনোযোগের কেন্দ্রবিন্দু। বেশ কিছুদিন ধরেই এটা করে আসছি।'

চোটের কারণে গত কয়েক বছরে মূলত টি-টোয়েন্টিতেই সীমাবদ্ধ ছিল নরকিয়ার ক্রিকেট। পিঠের চোটসহ নানা শারীরিক সমস্যায় বারবার ছিটকে পড়েছেন তিনি। এবার নিজের বোলিং আরও কার্যকর ও টেকসই করার দিকেও নজর দিচ্ছেন। জাতীয় দলের বোলিং কোচ পিট বোথারের সঙ্গে নিয়মিত কাজ করছেন এই পেসার।

তিনি আরও বলেন, 'আমার বোলিং অ্যাকশন এবং দক্ষতার দিক থেকে কোথায় উন্নতি করতে পারি, তা আমাকে দেখতে হয়েছে এবং কোচ পিটের সঙ্গে এ নিয়ে বেশ ভালোই আলোচনা হয়েছে। আমি নিজেও অ্যালাইনমেন্টের মতো বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং বোলিং অ্যাকশনকে আরও ভালো, শক্তিশালী, টেকসই ও নির্ভরযোগ্য করার চেষ্টা করছি।'

টি-টোয়েন্টির পর টেস্টে ফেরার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দীর্ঘ সময় বোলিং করা। সেই বিষয়টিও মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন নরকিয়া। তবে টেস্ট ক্রিকেটে ফেরার আকাঙ্ক্ষাই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে, 'আবার যদি টেস্ট ক্যাপ মাথায় তুলতে পারি, খুবই রোমাঞ্চিত হব। বেড়ে ওঠার সময় তো সবসময় এই সংস্করণ খেলারই তাড়না ছিল। এটিই ছিল অনুশীলনের মূল প্রেরণা।'

নরকিয়ার ফেরার সময় সাউথ আফ্রিকার টেস্ট দলও রয়েছে দারুণ ছন্দে। সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে তারা, উঠেছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও। সেই দলের সঙ্গে এবার নিজের অভিজ্ঞতা ও গতি দিয়ে অবদান রাখতে চান নরকিয়া, 'আশা করি, আমি দলকে সাহায্য করতে পারব এবং এক শতাংশ হোক বা দুই শতাংশ, বাড়তি কিছু যোগ করতে পারব। আবার মাঠে ফিরতে এবং দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করার জন্য মুখিয়ে আছি।'

টেস্টে নরকিয়ার রেকর্ডও যথেষ্ট ভালো, ১৯ ম্যাচে ৭০ উইকেট। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের রেকর্ড খুব উজ্জ্বল নয়। এবার সেই দলের বিপক্ষেই ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে তাই আলাদা গুরুত্ব দিচ্ছেন নরকিয়া। নজর রাখছেন বাংলাদেশ সিরিজেও।

তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে একটু বাড়তি এক্স-ফ্যাক্টর বা আগুন আর প্রাণশক্তি বেরিয়ে আসে। সবাই ভালো করতে চায় এবং প্রত্যেকেই ভালো পারফর্ম করতে চায়। এটা একটা বড় সিরিজ।'

আরো পড়ুন: