ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে, ফাইনালে খেলতে এসেছিলাম: লিটন

এশিয়ান গেমস
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসে যাওয়ার আগে স্বর্ণ পদকের আশার কথা শুনিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পাকিস্তানের কাছে সেমি ফাইনালে হেরে সেই স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ব্রোঞ্জ পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে সেই ম্যাচেও ৬৩ রানে হেরে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে।

দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আগের ম্যাচে পাকিস্তানকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। এবার শ্রীলঙ্কাকে শুরুতে চেপে ধরলেও ম্যাচের মোমেন্টাম ধরে রাখতে পারেনি টাইগাররা। ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতার দায় মাথা পেতে নিয়েছেন অধিনায়ক লিটন। তিনি অনুশীলনের ঘাটতির কথা তুলে ধরেছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।

লিটন বলেন, ‘আমরা বাজে ক্রিকেট খেলেছি। আমার কাছে মনে হয়েছে প্রথম আট ওভার পর্যন্ত আমরা ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন, একটা ব্যাটসম্যান এসে যেরকম শট খেলেছেন কঠিন উইকেটে। সে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। আর বোলাররা কোনো ক্লু খুঁজে পায়নি এখান থেকে কীভাবে কামব্যাক করবে। অসাধারণ ইনিংস খেলার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়।’

শ্রীলঙ্কার দেয়া ১৬৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশের উপরের সারির ৩ ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। লিটনও মানছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই তাদের ছুড়ে দেওয়া রান কাভার আপ করতে পারিনি। ব্যাটিংয়ে আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।’

স্বর্ণ জেতার স্বপ্ন নিয়ে আসার পর ব্রোঞ্জও জিততে না পেরে হতাশ লিটন। বাংলাদেশ এই সুযোগ হাতছাড়া করেছে দাবি বাংলাদেশ অধিনায়কের। তিনি যোগ করেন, ‘ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে। এখানে ফাইনালের টার্গেট নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগটা আমরা মিস করেছি।’

এশিয়ান গেমসে খেলতে গিয়ে ক্রিকেটারদের ঘোরাঘুরি শপিং নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেন এর প্রভাব পড়েছে খেলাতেও। লিটন অবশ্য নিজের যুক্তি দিয়েছেন। অনুশীলনের ঘাটতি নিয়েও কথা বলেছেন তিনি। লিটন বলেন, ‘একটা প্লেয়ার কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে বসে থাকবে? এখানে খাবার-দাবার যখন একটা প্লেয়ারের কাভার হচ্ছে না, তখন তাকে তো রুম থেকে বের হতেই হবে। কারণ খেতে গেলে বাইরে যেতে হবে। আমাদের কাছে যদি অনুশীলন করার জন্য অপশন থাকত, তাহলে তো বাইরে যেতে হতো না।’

এশিয়ান গেমসে ব্যাট হাতে রীতিমতো ব্যর্থ হয়েছেন লিটন। দুই ম্যাচে করেছেন মোটে ২ রান। এমনকি অধিনায়কত্বও মানানসই ছিল না। লিটন মনে করেন ক্রিকেটে উত্থান পতন থাকবেই। তাই অধিনায়কত্ব থেকে পদত্যাগের কথা ভাবছেন না তিনি। তবে নিজের ব্যর্থতার দায় মাথা পেতে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘আমার পারফরম্যান্স আপ টু দ্য মার্ক ছিল না। আমি দুটো ম্যাচে খারাপ খেলেছি। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন থাকেই। একদিন ভালো হবে আর একদিন খারাপ হবে। এই জন্য অধিনায়ক থেকে পদত্যাগ করার মতো এমন কী আছে। আমি পদত্যাগ করছি না।’

আরো পড়ুন: