বর্তমানে জাতীয় দলে সুযোগ না পেলেও আশায় আছেন আবারও ভারতীয় দলে ফেরার। চাহাল প্রায় নিয়মিতই কাউন্টি ক্রিকেটে খেলে থাকেন। ইংল্যান্ডের লর্ডসে তিনি নর্দাম্পটনশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন কদিন আগেই। এটাই তার প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ম্যাচ হয়ে থাকবে এখন।
চাহাল শুক্রবার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলেছেন। তিনি লিখেছেন, ‘আমার কাছে লাল বলের ক্রিকেট কখনোই শুধু আরেকটি সংস্করণ ছিল না। এখানেই আমি ধৈর্য, চরিত্র, দৃঢ়তা এবং ঘণ্টার পর ঘণ্টা মাঠে থেকে প্রতিটি রান ও উইকেটের জন্য লড়াই করার আনন্দ শিখেছি।’
কৃতজ্ঞতা স্বীকার করে তিনি আরও লিখেছেন, ‘লর্ডসে আমার শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছি। এসব কথা বলা আবেগের। কারণ টেস্ট ক্যাপ সব সময়ই আমার স্বপ্ন ছিল, বহু বছর ধরে যে স্বপ্ন আমি বয়ে বেড়িয়েছি। সেটি হয়তো পূরণ হয়নি। তবে এই সংস্করণে যে পথ পাড়ি দিয়েছি, তাতে আমি সত্যিই সন্তুষ্ট এবং পাওয়া প্রতিটি সুযোগের জন্য ভীষণ কৃতজ্ঞ।’
ভারতের হয়ে এখন পর্যন্ত ৭২টি ওয়ানডে ও ৮০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে ভারতের হয়ে টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। ভারতের জার্সিতে চাহাল সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের আগস্টে। এরপর নির্বাচকদের নজরের বাইরে চলে যান তিনি। তবে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে খেলে বেড়াচ্ছেন তিনি এখনও।
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে এখনও বড় স্বপ্ন দেখেছেন চাহাল। জাতীয় দলে ফিরতে সবরকমের চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। চাহাল বলেন, ‘আমি এখনো শেষ হয়ে যাইনি। দেশের হয়ে খেলার ক্ষুধা এখনো আগের মতোই আছে। আমি বিশ্বাস করি, আমার মধ্যে এখনো ক্রিকেট বাকি আছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরেকটি সুযোগ পাওয়ার জন্য আমি সবকিছু দিয়ে চেষ্টা করব।’