প্রথম ওয়ানডেতে চোট পাওয়া দেশে ফিরে গেছেন ইংলিস। যদিও দ্বিতীয় টেস্টের আগে আবারও সাউথ আফ্রিকায় ফেরার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে অস্ট্রেলিয়ান ব্যাটার কত দ্রুত সেরে ওঠেন সেটার উপর নির্ভর করছে। ডানহাতি উইকেটকিপার ব্যাটার সঙ্গে যুক্ত হয়েছে গ্রিনের চোট। কর্বিন বশের ফুলটস ডেলিভারিতে তলপেটে ব্যথা পেয়েছেন তিনি।
প্রাথমিক চিকিৎসার পরের বলে ছক্কা মারলেও টিকতে পারেননি। চোট থেকে সেরে ওঠার জন্য ৯ অক্টোবর পর্যন্ত সময় পাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে যদি ব্যাটার হিসেবে খেলানো হয় তখন তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাদের দুজনের চোটে বাধ্য হয়েই স্কোয়াডে দুজনকে যুক্ত করতে হয়েছে। সেই জায়গায় সুযোগটা পেয়েছেন ম্যাডিসন ও হার্পার।
২০১৬ সালের পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেলেন ম্যাডিসন। সবশেষ টেস্ট খেলেছেন পাকিস্তানের বিপক্ষে। এখনো পর্যন্ত অজিদের হয়ে তিনটি টেস্ট খেলেছেন তিনি। মাঝের সময়টাতে অনেক চড়াই-উতরাই পেরিয়ে যেতে হয়েছে ৩৪ বছর বয়সী এই ব্যাটারকে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেননি ম্যাডিসন।
গত বছরের মাঝামাঝি সময়ে বাঁহাতি ব্যাটারের টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ে। অস্ত্রোপচার করালেও সেটা কাজে আসেনি। পরবর্তীতে ৯ সপ্তাহ থাকে কেমোথেরাপি নিতে হয়েছে। ক্যান্সারকে জয় করে বিগ ব্যাশ দিয়ে মাঠের ক্রিকেটে ফেরেন ম্যাডিসন। বিগ ব্যাশের গত মৌসুমে খেলেছেন সিডনি থান্ডারের হয়ে।
আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের অধিনায়কত্ব পেয়েছেন ম্যাডিসন। গত সপ্তাহে ওয়ানডে কাপে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলেছেন ১২৬ রানের ইনিংস। বাঁহাতি ওপেনারের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট দলে যোগ দেবেন আনক্যাপড হার্পারও। বর্তমানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফর করছেন তিনি। যেখানে দ্বিতীয় চার দিনের ম্যাচে সেঞ্চুরিও করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ ৮ ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন হার্পার।
খানিকটা বোলিং নির্ভর উইকেট হলেও গত মৌসুম থেকে ভিক্টোরিয়ার হয়ে ওপেনিং করতে শুরু করেন তিনি। যেখানে আক্রমণাত্বক ব্যাটিংয়ে নজর কেড়েছেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে দুই সেঞ্চুরির পর পাশাপাশি তাসমানিয়ার বিপক্ষে করেছেন ৯৩ রান। টেস্ট শুরুর আগে সিএসএ ইনভাইটেশনাল একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।