পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন বাটলার

ত্রিদেশীয় সিরিজ
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রান নেওয়ার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন জস বাটলার
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রান নেওয়ার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন জস বাটলার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন জস বাটলার। সেই চোটে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককলাম। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সফর থেকে ছিটকে যাওয়া বাটলার অস্ট্রেলিয়া সিরিজেও অনিশ্চিত।

হেডিংলিতে রান নেওয়ার সময় বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন বাটলার। ফিজিও মাঠে প্রবেশ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সারিয়ে তোলার চেষ্টা করেছিলেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ‍দুইটি বলও খেলেছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে দলের প্রয়োজনে ৪৮তম ওভারে ব্যাটিংয়ে ফিরেছিলেন বাটলার।

যদিও ইংল্যান্ডকে জেতাতে পারেননি তিনি। ৪৯ বলে পাঁচটি করে চার ও ছক্কায় ৬৯ রান করেন ডানহাতি এই ব্যাটার। চোট গুরুতর হওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারেননি বাটলার। শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। তবে পাকিস্তান সফরে পাওয়া যাবে না তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাককালাম।

এ প্রসঙ্গে ইংল্যান্ডের প্রধান কোচ বলেন, ‘জস না থাকায় স্বাভাবিকভাবেই হতাশ। আবার এক দিক থেকে এটা আমাদের জন্য ভালো যে আমরা দেখার সুযোগ পাব কোথায় আছি। কিন্তু এখন থেকে আগামী ১৪ মাসের মধ্যে অনেক কিছুই হতে পারে, যা আমাদের সামলাতে হবে। এমন অনেক খেলোয়াড় বা দলের কথা আপনি হয়তো ভাবছেন যারা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার জন্য সেরা হবে।’

‘কিন্তু বাস্তবে হয়তো কেউ চোট পাবে কিংবা সময়সূচি নিয়ে কোনো সমস্যা দেখা দেবে। আর তাই, ১৪ মাস পরের সেই বিশ্বকাপের জন্য নিজেকে যথাসম্ভব ভালোভাবে প্রস্তুত করতে হলে আপনাকে এই বিষয়গুলোর ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিতে হবে।’

তৃতীয় ওয়ানডেতে বাটলারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন জর্ডান কক্স। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। ইংল্যান্ডের সিরিজ জেতা ম্যাচে কক্স খেলেছেন ৫২ বলে ৭৬ রানের ইনিংস। এমন পারফরম্যান্সে পাকিস্তান সফরে কক্সের সুযোগ দেখছেন ম্যাককালাম। ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ বলেন, ‘ইনিংসটা অনেকাংশে জস বাটলার সুুলভ ছিল। সে পাকিস্তানে সুযোগ পাবে, যা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

আরো পড়ুন: