আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর। ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে পরের দুই ম্যাচ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই সিরিজের জন্য শুরুতে বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও হার্শিত রানাকে শর্তসাপেক্ষে দলে রাখা হয়েছিল। ফিটনেস পরীক্ষার পর বুমরাহ, নীতীশ ও ওয়াশিংটনকে খেলার ছাড়পত্র দেওয়া হলেও শেষ পর্যন্ত নতুন চোটে বাদ পড়েছেন হার্শিত।
হার্শিতের নতুন চোটের বিষয়টি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের বিবৃতি অনুযায়ী, বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় ভালোই এগোচ্ছিলেন এই পেসার। কিন্তু ৭ সেপ্টেম্বর ম্যাচ সিমুলেশনে বোলিং করার সময় তাঁর রেক্টাস ফেমোরিসে স্ট্রেইন ধরা পড়ে। এরপরই তাঁকে দুই স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআই জানায়, 'পুনর্বাসনে হার্শিত ভালোভাবে এগোচ্ছিলেন। তবে ৭ সেপ্টেম্বর ম্যাচ সিমুলেশনে বোলিংয়ের সময় তাঁর রেক্টাস ফেমোরিসে স্ট্রেইন হয়। এরপর তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।'
হার্শিতের জায়গায় সুযোগ পাওয়া যশ ঠাকুর এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেন তিনি এবং দুই ম্যাচেই দুটি করে উইকেট নেন। সর্বশেষ দুলীপ ট্রফির সেমিফাইনালে সেন্ট্রাল জোনের হয়ে খেলেছেন যশ। ইস্ট জোনের বিপক্ষে প্রথম ইনিংসে তিন উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন আরও একটি উইকেট। সেই ম্যাচে তাঁর শিকার ছিলেন ঈশান কিষান ও বৈভব সূর্যবংশী। আইপিএলেও চার মৌসুম খেলার অভিজ্ঞতা আছে তার লক্ষ্মৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের হয়ে দুটি করে মৌসুম খেলেছেন।
বুমরাহকে নিয়ে অবশ্য স্বস্তিই পেয়েছে ভারত। বাঁ হাঁটুর চোটের পুনরাবৃত্তির কারণে জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টেও ছিলেন না। তবে এবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুত বুমরাহ। তার সঙ্গে নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরও ছাড়পত্র পেয়েছেন। এর ফলে দীর্ঘদিন পর ভারতের টি-টোয়েন্টি দলে বুমরাহর ফেরার পথও পরিষ্কার হয়েছে।
আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পর একই ভারতীয় দল যাবে জাপানে এশিয়ান গেমসে অংশ নিতে। সেখানে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে ২৮ সেপ্টেম্বর। এরপর ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। এশিয়ান গেমসের দলেও হার্শিতের জায়গায় থাকবেন ইয়াশ।
আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ভারতের স্কোয়াড- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, ইয়াশ ঠাকুর।
২০২৬ এশিয়ান গেমসে ভারতের স্কোয়াড- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী, ইয়াশ ঠাকুর।