আরেকজন বদলি নিল কলকাতা

আইপিএল
নবদীপ সাইনি
নবদীপ সাইনি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের এবারের মৌসুম শুরুর আগে একের পর এক ধাক্কা খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। উগ্রপন্থীদের হুমকির মুখে আগেই ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এ ছাড়া মাথিশা পাথিরানা এখনও আইপিএলে খেলার এনওসি পাননি। পাশাপাশি আইপিএল থেকে ছিটকে গেছেন হার্শিত রানা।

এরই মধ্যে মুস্তাফিজের বিকল্প হিসেবে কলকাতা দলে নিয়েছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে। এবার হার্শিতের বদলি নিল আইপিএলের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি। তারা দলে ভিড়িয়েছে ভারতীয় পেসার নবদীপ সাইনিকে। এর আগে বৃহস্পতিবার কলকাতার ট্রায়ালে এসেছিলেন পাঁচ পেসার।

সাইনির সঙ্গে ছিলেন সন্দীপ ওয়ারিয়ার, সিমারজিত সিং, আকাশ মাধওয়াল ও কেএম আসিফ। এর মধ্যে সাইনিকেই বেছে নিয়েছে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নরা। সাইনি এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছেন।

যদিও এবারের নিলামে অবিক্রিত ছিলেন তিনি। ৩২ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন এই পেসার। সর্বশেষ আইপিএলে খেলেছেন তিনি ২০২৩ সালে রাজস্থানের হয়ে। সেই আসরে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় পরের আসরগুলোতে তিনি কোনো ফ্র্যাঞ্চাইজির নজর কাড়তে পারেননি।

২০১৯ আইপিএলে ১৩ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি বেঙ্গালুরুর হয়ে। সেটাই তার আইপিএলের সেরা পারফরম্যান্স। লিস্ট 'এ' ক্রিকেটে বেশ ভালোই ফর্মে আছেন সাইনি। ৮ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ২ ম্যাচে ৪ উইকেট নেন এই ডানহাতি পেসার।

এদিকে মুম্বাইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুর লিগামেন্টে চোট পান হার্শিত। এরপর তার অস্ত্রোপচার হয়েছে। পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকলেও কবে এই পেসার মাঠে ফিরতে পারবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফলে বদলি খোঁজার বিকল্প ছিল না কলকাতার সামনে।

আরো পড়ুন: