আকরামের মতে, দল হারলেই কোচকে সহজেই দায়ী করা হয়। অথচ মাঠে পারফর্ম করা খেলোয়াড়দের জবাবদিহি অনেক সময় একই মাত্রায় থাকে না। এর সঙ্গে পাকিস্তান ক্রিকেটের চাপ ও গণমাধ্যমের সমালোচনাও তাকে এই দায়িত্ব থেকে দূরে রাখছে।
ওয়াসিম বলেন, 'আমার এখন ৬০ বছর বয়স। এ ধরনের অসম্মান ও নিচু মানের সমালোচনা আমি আর সহ্য করতে পারি না। বিশেষ করে যারা কখনো ক্রিকেট খেলেনি, তারাই কৌশল ও কারিগরি নিয়ে অসম্মানজনকভাবে কথা বলে।'
তিনি আরও বলেন, 'জীবনের এই পর্যায়ে আমি এমন চাপ নিতে চাই না। মাঠের ভেতরে ও বাইরে পাকিস্তান দলের কোচিং করানো সহজ কোনো কাজ নয়, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের কারণে।'
পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক অস্থিরতার মধ্যেই আকরামের এই মন্তব্য এসেছে। ইংল্যান্ড সফরের মাঝপথে সাতজন খেলোয়াড় ও দুজন কোচকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দলের শৃঙ্খলা ও আচরণ নিয়েও তদন্ত শুরু করেছে পিসিবি।
তবে পাকিস্তান ক্রিকেটকে তিনি সহায়তা করতে চান না, বিষয়টি এমন নয়। খেলোয়াড়দের নিয়ে অনুশীলন ক্যাম্প কিংবা কোনো প্রতিযোগিতায় কাজ করতে আগ্রহী তিনি, এমনকি বিনা পারিশ্রমিকেও কাজ করার কথা জানিয়েছেন। শুধু জাতীয় দলের পূর্ণকালীন কোচের দায়িত্ব নিতে চান না।
কোচিং নিয়ে আকরামের এই অবস্থান অবশ্য নতুন নয়। ২০২৫ সালে সতীর্থ ওয়াকার ইউনিসের প্রতি সমালোচনা ও অসম্মান দেখেও কোচ হওয়ার বিষয়ে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন। এমনকি ২০২১ সালেও তিনি বলেছিলেন, 'কোচ মাঠে খেলে না, খেলোয়াড়েরাই খেলে।'