ভারতের বিপক্ষে সেমিফাইনালে শারমিন-জ্যোতিদের দিকে তাকিয়ে মারুফা

নারী এশিয়া কাপ
মারুফা আক্তার, ফাইল ফটো
মারুফা আক্তার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে বাংলাদেশের অন্যতম বড় ভরসা হয়ে থাকছেন পেসার মারুফা আক্তার। চলতি আসরে তিন ম্যাচে সাত উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করা বাংলাদেশ এবার আট বছর আগের ইতিহাস ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে।

আমিরাতের বিপক্ষে মাত্র ১০৩ রান করেও ম্যাচ জিতেছে বাংলাদেশ। শারমিন আক্তারের ৩৮ রানের ইনিংসের পর বোলারদের দারুণ পারফরম্যান্সে আমিরাতকে ৬৯ রানে অলআউট করে ৩৪ রানের জয় পায় নিগার সুলতানা জোতির দল। রাবেয়া খান তিনটি এবং নাহিদা আক্তার ও মারুফা দুটি করে উইকেট নেন। ব্যাটিংয়ে এখনও ধারাবাহিকতা না থাকলেও বোলিং বাংলাদেশের জন্য বড় শক্তির জায়গা হয়ে উঠেছে।

সেই বোলিং আক্রমণের নেতৃত্বে আছেন মারুফা। নতুন বলে গতি, সুইং ও সিম দিয়ে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলেছেন তিনি। তিন ম্যাচে সাত উইকেট নেওয়ার পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে চামারি আতাপাত্থুকেও ফিরিয়েছেন এই পেসার। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে তাই ম্যাচের শুরুতে মারুফার স্পেল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সেমিফাইনালে ওঠার পর নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি দলের সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকেও আরও অবদান চান মারুফা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিওতে মারুফা বলেন, 'ব্যক্তিগতভাবে সেমিফাইনালে উঠতে পেরে আমি খুবই খুশি। দোয়া করবেন, আমি যেন এভাবেই দলের জন্য অবদান রাখতে পারি। আমি আশা করি, সিনিয়র খেলোয়াড়েরাও এভাবে দলকে সমর্থন করে যাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আগামীকালের ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারি।'

ভারতের বিপক্ষে অবশ্য বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। এবারের আসরে ভারত গ্রুপ পর্বের তিন ম্যাচেই বড় ব্যবধানে জিতে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে। দুই দলের সাম্প্রতিক টি-টোয়েন্টি রেকর্ডেও ভারত এগিয়ে; আগের ২৪ দেখায় বাংলাদেশ জিতেছে মাত্র তিনটি ম্যাচ। তবে বাংলাদেশের সেই তিন জয়ের মধ্যে ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালও আছে, যেখানে ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

আরো পড়ুন: