ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে এস্টারহুইজেন-প্রিটোরিয়াস

আইসিসি র‍্যাঙ্কিং
কনর এস্টারহুইজেন ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আইসিসি
কনর এস্টারহুইজেন ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাউথ আফ্রিকার দুই ব্যাটার কনর এস্টারহুইজেন ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। নামিবিয়া ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানো প্রিটোরিয়াস ৬১ ধাপ এবং এস্টারহুইজেন ৬৫ ধাপ এগিয়েছেন। দুজনই উঠেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।

প্রিটোরিয়াস এখন যৌথভাবে ৪৩ নম্বরে, আর এস্টারহুইজেন উঠে এসেছেন ২৫ নম্বরে। ত্রিদেশীয় সিরিজে প্রিটোরিয়াস চার ইনিংসে করেছেন ২২৬ রান। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৪ এবং নামিবিয়ার বিপক্ষে ১০১ রানের ইনিংস ছিল তার। অন্যদিকে এস্টারহুইজেন পাঁচ ইনিংসে করেছেন ১২৬ রান, যার মধ্যে নামিবিয়ার বিপক্ষে ৮৮ রানের ইনিংসটি ছিল অন্যতম সেরা।

প্রিটোরিয়াসের ১০১ রানের ইনিংসটি এসেছিল নামিবিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। সেই ম্যাচে সাউথ আফ্রিকা ২২৮ রান তুলেছিল এবং শেষ পর্যন্ত ১১ রানে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নেয়। ২০ বছর বয়সী প্রিটোরিয়াস ও এস্টারহুইজেনের ওপেনিং জুটি মাত্র ৬৯ বলে ১৫৬ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছিল।

এস্টারহুইজেনও টুর্নামেন্টে ধারাবাহিক ছিলেন। নামিবিয়ার বিপক্ষে ৮৮ রানের পর ফাইনালেও তাঁর ব্যাট থেকে আসে ৩২ রান। ফাইনালে সাউথ আফ্রিকা জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়ে শিরোপা জেতে। ফলে পুরো সিরিজের পারফরম্যান্স বিবেচনায় র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপের বিশাল লাফ দিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি ওপেনার।

র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে নামিবিয়ার ক্রিকেটারদেরও। অধিনায়ক গেরহার্ড এরাসমাস ব্যাটারদের তালিকায় ১৬ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠেছেন। ওপেনার লরেন স্টিনক্যাম্প ৩২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৩ নম্বরে জায়গা পেয়েছেন। অলরাউন্ডারদের তালিকায়ও বড় সাফল্য পেয়েছেন এরাসমাস। চার ধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে, যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। ত্রিদেশীয় সিরিজে তিনি ১৪৯ রান করার পাশাপাশি নিয়েছেন পাঁচ উইকেট।

বোলারদের তালিকাতেও সিরিজের প্রভাব পড়েছে। জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স চার ধাপ এগিয়ে যৌথভাবে ২২ নম্বরে উঠেছেন। পুরো সিরিজে ১০ উইকেট নেওয়া এই পেসারের বোলিং গড় ছিল মাত্র ১৫.৮০। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন। সাউথ আফ্রিকার কুয়েনা মাফাকা ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৮ নম্বরে এবং বিজর্ন ফোর্টুইন ৩৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৮ নম্বরে উঠেছেন।

আরো পড়ুন: