৭৩ বছর বয়সী ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন তিনি। তবে এসব অভিযোগ ইমরান ও তার দল বরাবরই অস্বীকার করে আসছে। সাম্প্রতিক সময়ে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
ইমরানের নেতৃত্বেই পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয়েছিল মইনের। সাবেক সতীর্থের বর্তমান শারীরিক অবস্থায় উদ্বেগ জানিয়ে এক ভিডিও বার্তায় প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
'ইমরান খান খুব অসুস্থ। আমি পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করছি, চিকিৎসার ক্ষেত্রে একজন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের নাগরিক হিসেবে ইমরানকে যেন তার অধিকার দেওয়া হয়।'
ইমরানের পাশে দাঁড়াতে পাকিস্তানের অন্য ক্রিকেটারদেরও আহ্বান জানিয়েছেন মইন। তিনি বলেন, 'আমি পাকিস্তানের সকল ক্রিকেটারের কাছেও ইমরানের সমর্থনে আওয়াজ তোলার অনুরোধ জানাচ্ছি। আমরা যারা তার সঙ্গে খেলেছি, তারা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তিনি পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।'
এর আগে ইমরানকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। ইমরানের কারাবাস নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে তার মুক্তির দাবি জানানো পাকিস্তানের বড় মাপের সাবেক ক্রিকেটারদের মধ্যে মিয়াঁদাদই প্রথম। এবার সেই দাবিতে কণ্ঠ মিলিয়ে সাবেক অধিনায়কের পাশে দাঁড়ালেন মইন।